জয় বন্দ্যোপাধ্যায় 'ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত', ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Election)দিন এমনই বিস্ফোরক দাবি বিজেপির জাতীয় কার্যকরী কমিটির সদস্য ও রাজ্য সহসভাপতি জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee)। জয় আরও বলেন, তিনি বিজেপি কর্মী হয়েও দাবি করছেন যে ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। কারণ যে ভুল গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি করেছিল, সেই একই ভুল এবারের উপনির্বাচনেও তারা করেছে।
জয় বন্দ্যোপাধ্যায় বলেন, গত বিধানসভা নির্বাচনের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি প্রত্যক্ষভাবে ভোটে অংশ নিতে পারেননি। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বকে বারংবার বলেছিলেন যে, এই রাজ্যে দলকে ক্ষমতায় আসতে হলে বাঙালি প্রার্থী দিয়েই বাংলার মানুষের মন জয় করতে হবে। এখানে অবাঙালি প্রার্থী দিয়ে কোনও লাভ হবে না। কিন্তু ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন অবাঙালিকে প্রার্থী করে দল সেই একই ভুল করল। জয়ের মতে, ভবানীপুর এলাকায় অনেক অবাঙালি থাকলেও তাঁরাও বাঙালিকেই প্রার্থী হিসেবে পছন্দ করেন। তাঁরা চার পাঁচ পুরুষ ধরে কলকাতায় বসবাস করছেন। তাঁরা নিজেরাও নিজেদেরকে বাঙালি বলেই পরিচয় দেন। কিন্তু বারেবারে বলা সত্ত্বেও দল তাঁর কথায় গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ জয়ের।'
জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি বাংলার মাটি ও মানুষকে খুব ভাল চেনেন। তাঁর দীর্ঘ অভিনয় জীবনে তিনি বাংলার সমস্ত প্রান্তে ঘুরেছেন। যাত্রা করেছেন। তাই বাংলার মানুষের পছন্দ অপছন্দ বোঝার ক্ষমতা তাঁর অনেক বেশি। জয়ের আরও দাবি, 'ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতবেন।' একইসঙ্গে দলীয় নেতৃত্বের প্রতি জয়ের বার্তা, এই রাজ্যে বিজেপিকে আগে বাঙালি হয়ে উঠতে হবে। দলের ব্যবহার, কর্মসূচি সমস্ত কিছু বাঙালিয়ানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
বিজেপির (BJP) রাজ্য সহসভাপতি বলেন, নতুন রাজ্য সভাপতি এসেছেন। তিনি শিক্ষিত মানুষ। তাই জয়ের আশা, সুকান্ত মজুমদার নিশ্চয় তাঁর নিজস্ব চিন্তাভাবনা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে নিজের জায়গা করে নিতে পারে। একইসঙ্গে তাঁর পরামর্শ, দলের আত্মসমালোচনা করা আশু কর্তব্য। তা না হলে আগামিদিনে পঞ্চায়েত, পুর নির্বাচনগুলিতেও হারের মুখ দেখতে হবে বিজেপিকে।