Kakoli Ghosh Dastidar: ২০ নয়, ২২! দিল্লির বৈঠকের আগে 'বিদ্রোহী' সাংসদদের সংখ্যা বাড়ার ইঙ্গিত কাকলির

দিল্লিতে ‘বিদ্রোহী’ সাংসদদের বৈঠকের আগে কাকলি ঘোষ দস্তিদারের দাবি, তৃণমূলের বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যা ২০ নয়, ২২ হতে পারে। আরও কয়েক জন যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।

Advertisement
২০ নয়, ২২! দিল্লির বৈঠকের আগে 'বিদ্রোহী' সাংসদদের সংখ্যা বাড়ার ইঙ্গিত কাকলিরতৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
হাইলাইটস
  • আরও বাড়তে পারে বিদ্রোহীদের সংখ্যা।
  • এমনই দাবি করলেন কাকলি ঘোষ দস্তিদার।
  • আগে ২০ জনের কথা বলা হলেও সেই সংখ্যা ২২-এ পৌঁছতে পারে। 

TMC Rebel MPs: ২০ নয়। আরও বাড়তে পারে বিদ্রোহীদের সংখ্যা। দিল্লিতে বৈঠকের আগে এমনই দাবি করলেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, আগে ২০ জনের কথা বলা হলেও সেই সংখ্যা ২২-এ পৌঁছতে পারে। 

দিল্লিতে ‘বিদ্রোহী’ সাংসদদের বৈঠকের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কাকলি। বলেন, 'পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছিল, তার বিরুদ্ধে যাঁরা মত প্রকাশ করেছিলেন, তাঁদের সঙ্গে কথা হয়েছে। সেই তালিকায় আরও কয়েক জন যোগ দিতে পারেন। আমি আগে ২০ বলেছিলাম, আসলে সংখ্যা ২২ হতে পারে।' 

তাঁর দাবি, এই গোষ্ঠীর কোনও ব্যক্তিগত দাবি বা পদ পাওয়ার লক্ষ্য নেই। কাকলির কথায়, 'আমাদের কোনও দাবি নেই। দেশের ভাল করা, দেশের জন্য কাজ করাই লক্ষ্য। গত চার-পাঁচ বছরে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যাঁরা সরব ছিলেন, তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। আরও এক-দু’জন যোগ দিতে পারেন। তাই অপেক্ষা করতেই হবে।'

প্রসঙ্গত, এদিন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন।

বৈদ্যনাথের অভিযোগ, তাঁকে নিয়ে দাবি করা হয়েছে যে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট চেয়েছিলেন। তবে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই বক্তব্য প্রচার করা হয়েছে। সেই কারণেই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আপাতত তৃণমূলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার। তিনি এবং তাঁর ঘনিষ্ঠ কয়েক জন সাংসদ দলের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, লোকসভায় তাঁদের সমর্থনে উল্লেখযোগ্য সংখ্যক সাংসদ রয়েছেন। এমনকি পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টাও চলছে বলে সূত্রের খবর।

এহেন আবহেই দিল্লিতে বৈঠকের আগে কাকলির দাবি, বিদ্রোহী সাংসদদের সংখ্যা ২০ নয়, ২২ হতে পারে। ফলে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement