তিনি বলেন, দুর্গাপুজোর সময় কেন হাওড়া স্টেশন এমন সাজানো হল না? Kalyan Banerjee: 'পশ্চিমবঙ্গ কি বাঙালিদের, নাকি উগ্র বিহারীদের?' প্রশ্ন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, দুর্গাপুজোর সময় কেন হাওড়া স্টেশন এমন সাজানো হল না? বাংলার মাটিতে কি তবে বাঙালিরাই ক্রমশ দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে পড়ছেন? প্রশ্ন কল্যাণের।
কল্যাণের অভিযোগ, বাংলার সাংস্কৃতিক পরিচয়কে দুর্বল করার চেষ্টা চলছে। ছটপুজোয় হাওড়া স্টেশনের সাজসজ্জা দেখে তিনি বিস্মিত হয়েছেন বলে জানান। তাঁর কথায়, দুর্গাপুজোর সময় এই স্টেশন দিয়ে অসংখ্য বাঙালি যাতায়াত করেন। বাইরে থেকে আসেন অনেকে। বাংলা ছেড়েও যান বহু মানুষ। অথচ সেই সময় স্টেশনকে একই রকম জাঁকজমকপূর্ণ করে সাজানোর উদ্যোগ দেখা যায় না। তা হলে ছটপুজোর ক্ষেত্রে বিশেষ আয়োজন কেন? এই প্রশ্ন তুলেছেন তিনি।
কল্যাণ বলেন, 'সনাতন ধর্ম পালনের অর্থ কি বাঙালিদের সরিয়ে উগ্র হিন্দুদের প্রতিষ্ঠা করা?' তাঁর অভিযোগ, বিজেপির রাজনীতির ফলে বাংলায় বাঙালিদের গুরুত্ব কমছে। তাঁরা ক্রমশ দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে পড়ছেন। আগামিদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
এখানেই থামেননি তৃণমূল সাংসদ। সল্টলেকের কাছে একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে মানুষের লাইনে দাঁড়ানো নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন বলে জানান কল্যাণ। তাঁর দাবি, সেখানে এক বাঙালিকে তাঁর পরিচয় নিয়ে কটূক্তি করা হয়েছে। শুধু বাঙালি হওয়ার কারণে তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ করেন কল্যাণ।
কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যেও অবাঙালিদের প্রভাব বাড়ছে বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, বাংলার বিভিন্ন ক্ষেত্রে ক্রমশ অবাঙালিদের আধিপত্য তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি আগামী পাঁচ বছর চলতে থাকলে বাঙালি সমাজের অস্তিত্বই বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সাংসদ।