কলকাতা সহ জেলায় জেলায় আজ ফের বৃষ্টি? টানা গরমের পর কয়েকদিন স্বস্তির বৃষ্টি। যার জেরে আবহাওয়া কিছুটা ঠান্ডা রয়েছে। দিনভর বৃষ্টি না হলেও, শহর কলকাতায় প্রতিদিন বিকেলের দিকে আকাশ আসছে কালো করে, সন্ধ্যে ও রাতের দিকে শুরু হচ্ছে ঝড়-জল। আজও কী এসেই একই পরিস্থিতি বজায় থাকবে? কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গের সামগ্রিক অবস্থা কী? দেখে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা এবং শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
তবে বাস্তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি কম। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি কম।
গত ৩০ এপ্রিল রাত থেকে ১ মে রাত পর্যন্ত কলকাতায় প্রায় ৩০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে IMD। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ১০০ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশের কাছাকাছি রয়েছে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
IMD জানিয়েছে, জানিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। IMD-র তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।