দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই পারদ পতন হয়েছে। তবে উত্তরবঙ্গের চিত্রটা বিপজ্জনক। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের হাল বেহাল। আজ কলকাতা সহ জেলায় জেলায় আবহাওয়ার পূর্বাভাস জানুন।

Advertisement
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?ঘণ্টাখানেকের বৃষ্টিতে জল কলকাতার রাস্তায়। ফাইল ছবি
হাইলাইটস
  • শহর কলকাতায় গরমের দাপট থেকে রেহাই মিলেছে।
  • কয়েকদিন টানা বৃষ্টির জেরে স্বস্তিতে কলকাতাবাসী।
  • একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

শহর কলকাতায় গরমের দাপট থেকে রেহাই মিলেছে। কয়েকদিন টানা বৃষ্টির জেরে স্বস্তিতে কলকাতাবাসী। একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই পারদ পতন হয়েছে। তবে উত্তরবঙ্গের চিত্রটা বিপজ্জনক। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের হাল বেহাল। একাধিক রাস্তা বন্ধের জেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে বহু পর্যটকদের। আজ কলকাতা-সহ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। IMD-এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।

শহরে বৃষ্টিপাতের পরিমাপ করলে দেখা যাচ্ছে, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৩ মিলিমিটার। মঙ্গলবার মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রা. সবকটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ডুয়ার্স ও পার্বত্য এলাকার কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে IMD।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 এছাড়াও, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

 

POST A COMMENT
Advertisement