আজ কলকাতা সহ জেলায় ফের ঝড়,বৃষ্টি হবে কি?রাতে ব্যাপক ঝড়-বৃষ্টির পর মঙ্গলবার সকালে শহর কলকাতায় হালকা শীতের আমেজ। যদিও সকাল থেকে কোথাও মেঘের দেখা নেই। আকাশ ভোরের দিকে কার্যত পরিষ্কার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যেতে পারে। আজও কি ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বুঝে নিন।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হতে পারে। এর সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। এদিন তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের জেলায় আবহাওয়ার পূর্বাভাস
আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। পাশাপাশি কয়েকটি জায়গায় ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া-সহ বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া-সহ বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০-৫০ কিমি /ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD।