Bulldozer Action Bengal: 'শহরের ২-৪টি এলাকা, ওখানে বুলডোজার দিক দেখি,' বেআইনি নির্মাণ ভাঙায় কটাক্ষ কুণালের

'অতি উৎসাহে দেখনদারি'। বুলডোজার অ্যাকশন নিয়ে এমনই মত কুণাল ঘোষের। শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নামিয়েছে প্রশাসন। সেই অভিযান ঘিরেই রাজ্যের নতুন বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

Advertisement
'শহরের ২-৪টি এলাকা, ওখানে বুলডোজার দিক দেখি,' বেআইনি নির্মাণ ভাঙায় কটাক্ষ কুণালেরনতুন বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
হাইলাইটস
  • 'অতি উৎসাহে দেখনদারি', বুলডোজার অ্যাকশন নিয়ে এমনই মত কুণাল ঘোষের।
  • বেআইনি বহুতল নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে প্রশাসন।
  • সাধারণ মানুষই সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন কুণাল।

'অতি উৎসাহে দেখনদারি'। বুলডোজার অ্যাকশন নিয়ে এমনই মত কুণাল ঘোষের। শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নামিয়েছে প্রশাসন। সেই অভিযান ঘিরেই রাজ্যের নতুন বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, 'নতুন সরকার এসেছে, অতি উৎসাহে দেখনদারি ব্যাপার করছে।' পাশাপাশি তাঁর প্রশ্ন, শহরের নির্দিষ্ট কিছু এলাকায় কেন এই অভিযান চালানো হচ্ছে না?

কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকায় সম্প্রতি বেআইনি বহুতল নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। কোথাও ৩-৪ তলার অনুমোদন নিয়ে ৬-৭ তলা তৈরি হয়েছে। কোথাও আবার সরু গলির মধ্যে বেআইনি বহুতল গড়ে উঠেছে বলে অভিযোগ। সেই সব নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে।

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, 'দেখলে মনে হচ্ছে 2012 সিনেমা চলছে (পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে হলিউডের সিনেমা)। যেভাবে বুলডোজার চলছে!' তাঁর দাবি, নতুন সরকার ক্ষমতায় এসে মাত্র ১৫-১৬ দিনের মধ্যেই অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছে।

তৃণমূল নেতার বক্তব্য, শহরের কয়েকটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে সরকার নিরপেক্ষতার বার্তা দিতে পারবে না। যদিও তিনি কোনও এলাকার নাম স্পষ্ট করে বলেননি। তবে তাঁর দাবি, 'শহরের ২-৪টি এলাকায় বুলডোজার দিক না, তা হলে বুঝব সরকারের নিরপেক্ষতা কোথায় থাকে।'

কুণাল আরও বলেন, বহু ক্ষেত্রে প্রোমোটাররা বেআইনি নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করে চলে গিয়েছেন। যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাঁরা অনেকেই হয়তো পুরো বিষয়টি জানতেন না। এখন সেই সাধারণ মানুষই সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এখানেই থামেননি তৃণমূল নেতা। বলেন, 'শহরের বেশ কিছু প্রান্ত আছে, গঙ্গার দিকে কিছু জায়গা আছে, সেখানে ঢুকুন না। সেখানে তো মাঝে মাঝে আগুন লাগে। বিজেপি যান না একবার বুলডোজার নিয়ে সেখানে যাওয়ার। বড় বড় দোকান গুদাম জিনিসে ঠাসা, যান না সেখানে ক্ষমতা থাকলে।'

কিন্তু গত ১৫ বছরে কেন বেআইনি নির্মাণ রোখা গেল না? সেই প্রশ্নের জবাবে কুণাল বলেন, 'যদি কোথাও বেআইনি কিছু থাকে, তা হলে পুরসভা ভাঙুক না। আমি কেন বিরোধিতা করব?' তবে একই সঙ্গে তাঁর দাবি, শুধুমাত্র বেছে বেছে কিছু এলাকায় অভিযান চালালে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হবে।

Advertisement

পাশাপাশি কুণালের বক্তব্য, 'বিজেপি রাজ্যে যে বেআইনি নির্মাণ চলছে, নির্মীয়মান সেতু ভেঙে পড়ছে, সব কি ধোয়া তুলসি পাতা নাকি? নতুন সরকার এসেছে, ১৫-১৬ দিন হয়েছে, এখন অতি উৎসাহী হয়ে এসব করছে।' 

POST A COMMENT
Advertisement