চতুর্থীর দিন আবহাওয়া কেমন থাকবে?রাজ্য-সহ সারা দেশ থেকে শুরু হয়েছে বর্ষা বিদায়ের পালা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিভিন্ন রাজ্য থেকে পাততাড়ি গোটাচ্ছে। সেই তালিকায় রয়েছে বাংলাও। তবে বর্ষা বিদায়ের রাস্তায় থাকলেও, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন জেলায় আজ চতুর্থীর দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আজ, বুধবার কলকাতার আকাশ সকালে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সাধারণত মেঘলা হয়ে উঠতে পারে। শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮। স্বাভাবিকের তুলনা. ১.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ শতাংশ।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
IMD-র পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বেশিরভাগ জেলা শুষ্ক থাকবে। এরপর ষষ্ঠী থেকে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এর মতো জেলায়।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আজ চতুর্থীর দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে।