Mamata Banerjee: 'এ বছর বইয়ের রয়্যালটিও পাইনি', আর্থিক চাপে রয়েছেন? যা জানালেন মমতা

'এ বছর বইয়ের রয়্যালটিও পাইনি', আর্থিক চাপে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? লাইভে এসে যা বললেন।

Advertisement
'এ বছর বইয়ের রয়্যালটিও পাইনি', আর্থিক চাপে রয়েছেন? যা জানালেন মমতা আর্থিক চাপে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? লাইভে এসে যা বললেন।
হাইলাইটস
  • আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
  • তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনও বেতন বা পেনশন নেননি।
  • তাঁর অভিযোগ, বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

Mamata Banerjee: আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনও বেতন বা পেনশন নেননি। দীর্ঘদিন ধরে বইয়ের রয়্যালটির টাকাতেই তাঁর ব্যক্তিগত খরচ চলেছে। কিন্তু এ বছর সেই রয়্যালটির টাকা এখনও হাতে পাননি বলে অভিযোগ করেন। একই সঙ্গে বিজেপি সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ একাধিক আর্থিক বিষয়ও 'ফ্রিজ' করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ফেসবুক লাইভে মমতা বলেন, 'আমি কোনও দিন এক পয়সা মাইনে নিইনি। আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়েই আমার চলে। কিন্তু সেই রয়্যালটিটাও এ বছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। নিশ্চয়ই এতে কোনও খেলা আছে। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু ফ্রিজ করে দিয়েছে।'

প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মমতা বরাবরই সরকারি বেতন বা পেনশন গ্রহণ করেন না। আঁকা ছবি বিক্রি ও বইয়ের রয়্যালটি থেকেই তাঁর আয়। সে প্রসঙ্গ টেনে জানান, ব্যক্তিগত আর্থিক দিক থেকেও তিনি সমস্যার মুখোমুখি হচ্ছেন। যদিও তাঁর এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরএসএসের রেজিস্ট্রেশন নিয়েও প্রশ্ন
শুধু ব্যক্তিগত আর্থিক প্রসঙ্গই নয়, এ দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর কার্যকলাপ নিয়েও একাধিক প্রশ্ন তোলেন মমতা। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানতে চান, আরএসএসের রেজিস্ট্রেশন এবং তাদের আর্থিক লেনদেন কতটা স্বচ্ছ, তা জনসমক্ষে আনা উচিত।

মমতার বক্তব্য, দেশের অন্যান্য সংস্থার ক্ষেত্রে যেমন বিদেশি অনুদান এবং আর্থিক উৎসের তথ্য প্রকাশ করতে হয়, তেমনই আরএসএসের ক্ষেত্রেও একই ধরনের স্বচ্ছতা থাকা প্রয়োজন।  

রাজনৈতিক চাপের অভিযোগ
তৃণমূলের দাবি, বিরোধী দলগুলিকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে চাপের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগের সঙ্গেই এ দিন নিজের আর্থিক বিষয়টিকেও যুক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও তাঁর দাবি নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

তবে মমতার বক্তব্যে একটি বিষয় স্পষ্ট। তিনি বোঝাতে চেয়েছেন, সরকারি সুযোগ-সুবিধার নয়, ব্যক্তিগত লেখালেখির রয়্যালটির উপরই তাঁর আয় নির্ভর করে। আর সেই টাকাও এ বছর না পাওয়ায় তিনি সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। 

POST A COMMENT
Advertisement