Mamata Banerjee: ৪ জুন রাজ্যজুড়ে বড় কর্মসূচি, ধর্মতলা থেকে ডাক মমতার

ধর্মতলার সভা থেকে ৪ জুন রাজ্যজুড়ে মানবশৃঙ্খল কর্মসূচির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনীষীদের মূর্তিতে মাল্যদান করে তৃণমূল কর্মী-সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানালেন।

Advertisement
৪ জুন রাজ্যজুড়ে বড় কর্মসূচি, ধর্মতলা থেকে ডাক মমতারমনীষীদের মূর্তিতে মাল্যদান করে তৃণমূল কর্মী-সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানালেন।
হাইলাইটস
  • আগামী ৪ জুন রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন মমতা।
  • অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে নতুন করে শপথ নেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।
  • রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

Mamata Banerjee: ধর্মতলার প্রতিবাদ সভা থেকে আগামী ৪ জুন রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মনীষীদের মূর্তির সামনে তৃণমূল কর্মীদের জড়ো হয়ে মানবশৃঙ্খল গড়ার আহ্বান জানান। মূর্তিতে মাল্যদান করে অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে নতুন করে শপথ নেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।

মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলের কর্মসূচি থেকে মমতা বলেন, 'যেখানে যেখানে মনীষীদের মূর্তি রয়েছে, সেখানে কর্মীরা জড়ো হোন। মূর্তিতে মাল্যদান করুন। নতুন করে অত্যাচার-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিন। পাঁচ জন এলেও কর্মসূচি করুন। আমিও সেদিন মনীষীদের মূর্তিতে মাল্যদান করতে বেরোব।'

তৃণমূল সূত্রে দাবি, প্রথমে রানী রাসমণি রোডে এই কর্মসূচির পরিকল্পনা ছিল। তবে সেখানে অনুমতি না মেলায় পরে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূলের অভিযোগ, সেখানে বসার অনুমতি মিললেও মাইক ব্যবহার কিংবা মঞ্চ তৈরির অনুমতি দেওয়া হয়নি। সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রতিবাদ সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হন। হকার উচ্ছেদ থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে ধরেন মমতা।  

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রসঙ্গও তোলেন। বলেন, 'সেদিন পাথরটা যদি অভিষেকের মাথায় লাগত, তা হলে ঘটনাস্থলেই মৃত্যু হতে পারত।'

বিজেপির সঙ্গে নিজের অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে মমতা দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অতীতে বিজেপির বহু নেতাকে তিনি সাহায্য করেছেন। তাঁর কথায়, 'এক সময় বিজেপি সভাপতি আমাকে বহুবার ফোন করেছেন সাহায্যের জন্য। আমি কখনও তা সংবাদমাধ্যমকে বলিনি। বিজেপি ছাড়া প্রায় সব দলের সঙ্গেই আমার ভাল সম্পর্ক রয়েছে। কিন্তু প্রয়োজনের সময় বিজেপিকেও সাহায্য করেছি।'

একই সঙ্গে তিনি বলেন, 'আমি আছি, থাকব। যত দিন বেঁচে থাকব, লড়াই করে যাব।' বলেন, 'যাঁরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, তাঁদের বলব; ঈশ্বর, আল্লাহ সকলকে সৎবুদ্ধি দিন। যত দিন না আপনাদের সরাতে পারছি, তত দিন আমি মরব না।'

Advertisement

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মমতা। অভিযোগ করেন, তৃণমূল সমর্থকদের ভয় দেখানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে।  

মমতার অভিযোগ, এদিন বহু তৃণমূল কর্মী-সমর্থককে ধর্মতলায় পৌঁছতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, 'মানুষকে এখানে আসতে দিন। না হলে লালবাজার ঘেরাও করা হবে। নবান্ন ঘেরাও করা হবে।' মমতা জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। 

POST A COMMENT
Advertisement