
মমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবিআচমকাই বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরনে রয়েছে আইনজীবীর পোশাক। ভোট পরবর্তী হিংসায় বহু তৃণমূল কর্মী ঘরছাড়া। অভিযোগ, একের পর এক পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। সাধারণ কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে। তারই প্রতিবাদে তৃণমূলের তরফে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মামলা দায়ের করেছেন। সূত্রের খবর, সেই মামলাতেই সওয়াল করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনে পরাজিত হয়েছেন তৃণমূল দলনেত্রী। কিন্তু ফিরবেন। পথে নামবেন, ফিরবেন আইনেও। আগেই জানিয়েছিলেন সেকথা। বৃহস্পতিবার সকালে বাস্তবেও দেখা গেল সেই ছবি। এদিন তাঁর পরনে ছিল দস্তুরমতো আইনজীবীদের চেনা পোশাক। সাদা ফুলহাতা জামার ওপর পরেছিলেন আইনজীবীদের ওয়েস্টকোট। হাতে অ্যাডভোকেট গাউন ধরণের পোশাক ধরা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

বৃহস্পতিবার বেলা দশটার কিছু পরেই আদালতে হাজির হন মমতা। এর আগেও আদালত চত্বরে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল খোদ দিল্লিতে। যদিও সেবার আইনজীবীর পোশাকে উপস্থিত হননি, উপস্থিত হননি আইনজীবী হিসেবেও। কিন্তু এবার তাঁকে দেখা গেল আইনজীবীর রূপেই। কিছুক্ষণের মধ্যেই মামলার শুনানি শুরু হবে বলে জানা যাচ্ছে।