স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী। রবিবার উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়ার ঘটনা।স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী। রবিবার উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়ার ঘটনা। বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়। দাম্পত্য কলহ থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। পাপ্পু সাউ পেশায় টোটো চালক ছিলেন।
প্রাথমিক পর্যবেক্ষণ থেকে মনে করা হচ্ছে, পূজা সাউয়ের গলা কেটে খুন করা হয়েছে। খুনের পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন পাপ্পু সাউ। স্থানীয়দের মতে, দম্পতির মধ্যে সারাক্ষণই সাংসারিক বিষয় নিয়ে ঝুট-ঝামেলা চলত। তবে এই ঘটনার পিছনে আসল কারণটি কী, তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।
রবিবার সকালে পাতুলিয়ার ওই বাড়িতে পরিচারিকা কাজ করতে যান। সেই সময়ে বারবার ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ পাননি। এরপর একটি দরজা খোলা পেয়ে নিজেই ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে আঁতকে ওঠেন। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পূজা। আর সেই ঘরেই মেলে পাপ্পুর ঝুলন্ত দেহ।
এরপরেই তিনি বেরিয়ে এসে চেঁচাতে থাকেন। পরিচারিকারই চিৎকার শুনে প্রতিবেশী, স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খড়দহ থানায় খবর দেন। পুলিশ এসে দম্পতির দেহ উদ্ধার করে। দুই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কী কারণে বা কী ভাবে ঘটল এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।