প্রয়াত সাহিত্যিক শংকর।-ফাইল ছবিবাংলা সাহিত্যভুবনে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, যাঁকে পাঠকসমাজ চেনে ‘শংকর’ নামে। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে সাহিত্য-সংস্কৃতির আকাশে যেন ইন্দ্রপতন ঘটল। তৈরি হল এমন এক শূন্যতা, যা কোনও দিন পূরণ হওয়ার নয়। তবু থেকে যাবে তাঁর অমর সৃষ্টি, পাঠকের হৃদয়ে।
লেখকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিক অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই অবস্থা সংকটজনক হয় তাঁর। প্রয়াণের পর শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স-এ লেখেন 'প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।'
বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণি শঙ্কর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল।
— Mamata Banerjee (@MamataOfficial) February 20, 2026
'চৌরঙ্গী' থেকে 'কত অজানারে', 'সীমাবদ্ধ' থেকে 'জনঅরণ্য'—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ…
শংকরের কলমে উঠে এসেছে সদ্য স্বাধীন কলকাতার সাহেবপাড়ার জীবন, শহরের অন্তর্লীন টানাপোড়েন, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বেদনার গল্প। তাঁর অনবদ্য সৃষ্টি 'চৌরঙ্গী' বাংলা উপন্যাসের ভুবনে এক মাইলফলক। পাশাপাশি ‘কত অজানারে’, 'সীমাবদ্ধ', 'জন অরণ্য'-র মতো কালজয়ী রচনা তাঁকে এনে দিয়েছে অনন্য সম্মান ও জনপ্রিয়তা।
তাঁর সাহিত্যজীবনের সূচনা হয় ১৯৫৫ সালে প্রথম বই প্রকাশের মাধ্যমে। অল্প বয়সেই লেখা ‘কত অজানারে’ তাঁকে বিপুল পরিচিতি এনে দেয়। সেই সাফল্যই যেন তাঁর দীর্ঘ সাহিত্যপথের ভিত মজবুত করে দেয়। বাস্তব জীবনঘনিষ্ঠ কাহিনি, সহজ অথচ গভীর ভাষা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি, এই সব মিলিয়েই শংকরের সাহিত্য হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের পাঠকের প্রিয়। শরীরে তিনি আর নেই, কিন্তু তাঁর লেখা বেঁচে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাসে, পাঠকের ভালোবাসায়।