আজ কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাসমে মাসের দ্বিতীয় সপ্তাহ পার করছে বাংলা, তবে বাইরের আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই। কারণ, এপ্রিল থেকে শুরু করে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দফায় দফায় কালবৈশাখী আর বৃষ্টির জেরে এখনও চড়তে পারেনি তাপমাত্রা। অনেকেই মনেপ্রাণে চাইছিলেন, মে মাসটা এভাবে কেটে গেলেই বেশ। কিন্তু আপাতত তা হচ্ছে না। চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরম বৃদ্ধির পূর্বাভাস শোনাল IMD।
তবে তাপমাত্রা বাড়বে আরও দিন ২ পর থেকে। আপাতত বৃষ্টি চলবে। সোমবার কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ফলে উপকূল ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে গরম বাড়বে
আগামী দু’দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার পরের তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় গরমের অস্বস্তি কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি কমলে এবং আকাশ পরিষ্কার থাকলে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
এছাড়াও উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।