বহরমপুরে দুর্ঘটনাবহরমপুরে পুলকারে চলন্ত ট্রেনের ধাক্কায় ২ ছাত্রী এবং এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাকি আহতরা ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর।
ঠিক কী ঘটেছিল বহরমপুরে?
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝের রেল গেটের কাছে ঘটনাটি থাকে। সকালে প্রথমে রেল গেট বন্ধই ছিল। হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরেই গেটম্যান ক্রসিং খুলে দেন। গেট খোলা দেখে স্কুল পড়ুয়াদের নিয়ে রেললাইন পার হয় একটি টাটা সুমো পুলকার। ঠিক সে সময়ই আচমকা তীব্র গতিতে চলে আসে নিমতিতা-কাটোয়া লোকাল। গাড়িটি সম্পূর্ণ ভাবে দুমড়ে-মুচড়ে দিয়ে চলে যায় ওই ট্রেন। এর জেরেই মৃত্যু হয় ৩ জনের। গাড়িটির সঙ্গে সঙ্গে এক সাইকেল আরোহীও একই সময়ে রেললাইন পার হতে গিয়েছিলেন। তাঁকেও পিষে দিয়ে চলে যায় রেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাণ হারান ওই যুবক।
কার গাফিলতিতে এই দুর্ঘটনা?
গেটম্যানের দিকে আঙুল তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাওড়া-নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরেই গেটম্যান লেভেল ক্রসিং খুলে দেন বলে অভিযোগ। গেটম্যান নেশাগ্রস্ত ছিলেন বলেও অনুমান কারও কারও।
গেটম্যান এবং সুপারভাইজ়ারকে সাসপেন্ড করেছে পূর্ব রেল। আটকও করা হয়েছে গেটম্যানকে। ঘটনাস্থলে গিয়েছেন ADRM এবং তাঁর নেতৃত্বে ১০ জনের একটি তদন্তকারী টিম। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারও ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে বলে জানা গিয়েছে।