বিষ্ণচরণ শিকদার 'বউদি কালচার বন্ধ করতে হবে, পরিবার ছাড়া কাউকে বৌদি বা ভাবি বলে ডাকা যাবে না।' শোরগোল ফেলে দেওয়া এই মন্তব্য করে ভাইরাল মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর মহকুমার হরিহরপাড়ার BJP নেতা বিষ্ণচরণ শিকদার। ঠিক কী বলতে চেয়েছেন তিনি?
হরিহরপাড়ায় BJP-র একটি সভা থেকে তিনি বলেন, 'বউদি এবং ভাবি কালচার খতম করতে হবে। এর থেকে সমাজের অনেক নোংরা জুটে যায়। একেবারে আপন নিজের দেওর বা মামাতো-পিসতুতো দেওর ছাড়া কেউ কাউকে বউদি বলবে না।' বয়সে বড় হলে দিদি আর ছোট হলে বোন বলতে হবে বলেও পরামর্শ দেন এই BJP নেতা। তিনি বলেন, 'যাঁর সঙ্গে আমার কোনও পরিচয় নেই তাঁকে বলব না বউদি একটু সরে বসুন তো। এর থেকে অনেক ধরনের নোংরামি হয়। ব্যাখ্যা করতে হলে আমি তা করে দিতে পারি।'
মুহূর্তের মধ্যে বিষ্ণচরণ শিকদারের এই মন্তব্য ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হাসাহাসি, কটাক্ষ শুরু হয়।
তবে শুধু এতেই থেমে থাকেননি ওই BJP নেতা। তিনি বলেন, 'পুরুষ ইয়ং জেনারেশনকে বলি, কোনও বন্ধুরকে বাড়িতে নিয়ে যাবেন না। বন্ধু কালচারও খতম করতে হবে ধীরে ধীরে। সমাজের হাজার উৎপাত, হাজার খারাপ জিনিস ধ্বংস হবে। আপনারা একটু অভ্যাস করে দেখুন।' তাঁর আরও বক্তব্য, 'এখন ফোনের যুগ, যখন বন্ধু বলবে বাড়িতে থাক আমি আসছি। বলবেন না রে, চায়ের দোকানে বস, মন্দিরে বস, আমি আসছি তোর সঙ্গে দেখা করতে। যে জায়গা থেকে সামাজিক অবক্ষয় ঘটছে, সেগুলির প্রতি নজর রাখুন।'
কোনও পরিবারের ছেলে যদি বাবা-মায়ের দেখভাল না করেন, বা খেতে না দেখেন, তাদের সত্যিকারের ট্রিটমেন্ট করে প্রবীণদের খাবার ও ওষুধের ব্যবস্থা করব বলেও বিষ্ণচরণ শিকদার জানান। কেউ এ ধরনের খবর পেলে তাঁকে জানানোর অনুরোধ করেছেন BJP নেতা।