মুর্শিদাবাদ থেকে উদ্ধার বেআইনি অস্ত্ররাজ্যে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত। বিশেষত মুর্শিদাবাদ জেলা থেকে মাঝ্যে মধ্যেই বেআইনি অস্ত্র উদ্ধারের খবর পাওয়া য়ায়। এবার ফের একবার বেআইনি অস্ত্র উদ্ধার হল মুর্শিদাবাদে। এই জেলার ডোমকলে দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি ম্যাগাজিন ও চারটি কার্তুজ-সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, ডোমকলে একটি স্কুটারের মধ্যে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয় রবিউল মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি মুরারিপুর নতুনপাড়া এলাকায়। তাঁর কাছ থেকে দুটি সেমি-অটোমেটিক ৭ এমএম আগ্নেয়াস্ত্র, তিনটি ৭ এমএম ম্যাগাজিন এবং চারটি ৭ এমএম তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ডোমকলের বাগডাঙা থেকে মধুরকুলের রাস্তায় পুলিশি তল্লাশিতে আটক করা হয় স্কুটারটিকে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় অস্ত্রগুলি। উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস কী, সেগুলি কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর আগেও মূর্শিদাবাদ থেকে বেআইনি অস্ত্র-কার্তুজ উদ্ধারে সাফল্য পেয়েছে পুলিশ। কদিন আগেই পৃথক অভিযানে উদ্ধার হয় ১০টি অত্যাধুনিক বেআইনি আগ্নেয়াস্ত্র, ১১টি ম্যাগাজিন এবং ২২৬ রাউন্ড তাজা গুলি। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর এবং শক্তিপুর এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তরা হল জাব্বার মণ্ডল, আলমগীর শেখ এবং চাঁদ আলী। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আজিমগঞ্জ হয়ে মুর্শিদাবাদে আনা হচ্ছিল। এত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি কোথায় সরবরাহ করা হচ্ছিল এবং এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রিপোর্টার-সব্যসাচী ব্যানার্জি