ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।এবার ডিম হামলার মুখে নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। শনিবার বারাকপুর আদালতে তোলার সময়ে তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, জুতো। রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। সঙ্গে ক্রমাগত ‘চোর’ স্লোগান। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শুক্রবার রাতে সোদপুরের একটি আবাসন থেকে গ্রেফতার হন অভিজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, ধর্ষণ, প্রাণনাশের হুমকি, তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখার অভিযোগ-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
#WATCH | North 24 Parganas, West Bengal | Avijit Chatterjee, son of Naihati Municipal Chairman Ashok Chatterjee has been arrested by Naihati Police on charges including attempted murder, rape, threat, extortion, illegal arms hold and violations of the Arms Act and the Explosives… pic.twitter.com/cvF3HSFoi5
— ANI (@ANI) June 13, 2026
শনিবার ধৃতকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই আদালত চত্বরের বাইরে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখাতে জড়ো হন। অভিযোগ, পুলিশি নিরাপত্তার মধ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তখন হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিজিৎকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়া হয়। বিক্ষোভকারীদের একাংশ 'চোর' স্লোগানও দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তকে থানার গাড়ি থেকে নামানোর পর পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি এবং হইচইয়ের জেরে কিছু সময়ের জন্য আদালত চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ অবশ্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, অভিজিতের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এ একাধিক গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের কাজ শুরু করেছেন। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ক্ষোভ জমা হচ্ছিল। অন্য দিকে, তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।