‘দুয়ারে সরকারের’ ধাঁচে নতুন উদ্যোগ, ১৫ জুন থেকে প্রতিটি ব্লকে 'জনকল্যাণ শিবির'

সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। আগের সরকারের ‘দুয়ারে সরকার’-এর আদলে এবার শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে এই বিশেষ শিবিরের আয়োজন করা হবে।

Advertisement
‘দুয়ারে সরকারের’ ধাঁচে নতুন উদ্যোগ, ১৫ জুন থেকে প্রতিটি ব্লকে 'জনকল্যাণ শিবির'সংগৃহীত ছবি
হাইলাইটস
  • সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।
  • আগের সরকারের ‘দুয়ারে সরকার’-এর আদলে এবার শুরু হচ্ছে জনকল্যাণ শিবির।

সরকারি পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। আগের সরকারের ‘দুয়ারে সরকার’-এর আদলে এবার শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে এই বিশেষ শিবিরের আয়োজন করা হবে।

নবান্ন সূত্রে খবর, নতুন সরকারের এটিই প্রথম বড় জনসংযোগ কর্মসূচি। এই তিন দিনের শিবিরে সাধারণ মানুষ এক জায়গায় বসেই সরকারের ৫৫ ধরনের পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত সাহায্য পাবেন।

বিশেষ করে অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। বহু আবেদনকারী ফর্ম পূরণ, নথি জমা এবং প্রকল্পের নিয়মাবলি বুঝতে সমস্যার মুখে পড়ছেন। সেই সমস্যার সমাধান করতেই এই শিবিরের আয়োজন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সরকারি সূত্রের দাবি, এই ক্যাম্পে রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং পিএম কিষান যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে নতুন করে আবেদন বা নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে।

এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য সরকারি নথিতে কোনও ভুল থাকলে তা সংশোধনের প্রক্রিয়া সম্পর্কেও সাহায্য করা হবে। কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও আবেদন আটকে থাকলে, শিবিরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

প্রশাসনের মতে, তথ্যের অভাব বা জটিল প্রক্রিয়ার কারণে যাতে কোনও যোগ্য ব্যক্তি সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই এই কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের পাশাপাশি সরকারের কাজকর্মকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতেই এই তিন দিনের ‘মেগা আউটরিচ’ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ফলে আগামী সপ্তাহে রাজ্যের প্রতিটি ব্লকেই জনকল্যাণ শিবির ঘিরে বিশেষ ব্যস্ততা দেখা যেতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement