বন্ধ থাকবে NH10 উৎসবের মাস পড়ে গিয়েছে। স্কুল-কলেজের ছুটিও কয়েকদিনের মধ্যেই। এটাই সময় ল্যাগেজ প্যাক করে বেরিয়ে পড়ার। অনেকেই বেছে নিচ্ছেন উত্তরবঙ্গ এবং সিকিমের নানা অফবিট ডেস্টিনেশন। টিকিটও কমফার্ম হয়ে গিয়েছে। তবে তার মাঝেই দুঃসংবাদ। পঞ্চমী পর্যন্ত বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক।
শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও প্রতিবেশী রাজ্য সিকিমের সরাসরি সংযোগ রক্ষা করেছে ১০ নম্বর জাতীয় সড়ক। এটাই কালিম্পং ও সিকিমের লাইফলাইন। এই সড়কের সেবক থেকে রংপো অংশ কালিম্পং জেলার আওতায়। একাধিক জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পৌঁছতে গেলে এই সড়কের উপরই মূলত নির্ভর করতে হয়।
১০ নম্বর জাতীয় সড়কের একদিনে পাহাড় আর একদিকে তিস্তা নদী। লাগাতার ধস এবং তিস্তার জলস্তর বেড়ে প্রায়শই বিধ্বস্ত হয় এই জাতীয় সড়কের নানা অংশ। বোল্ডার পড়ে রাস্তা বন্ধ হওয়া নিত্যদিনের ঘটনা এখানে। বর্তমানে এই জাতীয় সড়কের ২৯ মাইল ও রবিঝোরা অংশ বিধ্বস্ত। এই দুই এলাকার সংস্কার প্রয়োজন বলেই জানিয়েছে NHIDCL। আর তাই কালিম্পংয়ের জেলাশাসক জানিয়েছেন, মেরামতির জন্য NH10 বন্ধ রাখা হচ্ছে রাত ৯টা থেকে। আগামী বুধবার, ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পঞ্চমী পর্যন্ত বন্ধ থাকবে এই জাতীয় সড়ক। পুজোর মরশুমে এই রুট বন্ধ থাকায় রাতে অনেক পর্যটককেই ঘুরপথে ট্যুরিস্ট স্পটগুলিতে পৌঁছতে হবে। যা সময়সাপেক্ষ ফলে ভোগান্তির শিকার হবেন পর্যটকরা। উদ্বিগ্ন গাড়ি চালক ও পর্যটন ব্যবসায়ীরাও। ভরা পর্যটনের পরশুমে এই সংস্কারের কাজ তাঁদের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করা হচ্ছে।
তবে কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ জানিয়েছেন, পুলিশের রিপোর্ট অনুসারে NHIDCL জাতীয় সড়ক মেরামতের জন্য রাত ৯টা থেকে কাজ চালাবে। এই নিয়ে কারও আপত্তি থাকলে প্রশাসনের দ্বারস্থ হওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, ২৯ পল্লী এবং রবিঝোরা এলাকার রাস্তা ধসের কারণে নদী খাদের দিকে বসে গিয়েছে। ফলে রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে গিয়েছে। আবার এক এক জায়গায় পাহাড়ের উঁচু অংশ থেকে নড়ি-পাথর পড়ে বিপজ্জনক হয়ে গিয়েছে পরিস্থিতি। ফলত মেরামত প্রয়োজন। নয়তো যান চলাচল নিয়ে আশঙ্কা থেকে যাবে। পঞ্চমী পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। পাহাড়ের ধার ঘেঁষে কাজ হবে ফলে রাতে রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে।
একই ভাবে পুজোর পর আগামী ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ রেখে মেরামতের কাজ চলবে।