ফাইল ছবিস্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে আর নতুন মদের দোকান নয়। কল্যাণী থেকে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও স্কুল, কলেজ বা মন্দিরের এক কিলোমিটারের মধ্যে নতুন করে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের একাধিক জনপ্রিয় প্রকল্পে বদল আনা হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতের সঙ্গে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বিকেলে নবান্ন থেকে তিনি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল যৌথভাবে নতুন একটি ফর্ম প্রকাশ করবেন।
মুখ্যমন্ত্রীর কথায়, 'যাঁরা যত দ্রুত এনরোলমেন্ট করবেন, তত দ্রুত তাঁরা সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু হবে। ফর্ম জমা পড়া শুরু হলেই ধাপে ধাপে ৩ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে সেই টাকা সম্পূর্ণ চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের অর্থও আগের মতো অ্যাকাউন্টে যেতে থাকবে।'
সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই নতুন প্রকল্পের আওতায় টাকা দেওয়া শুরু হতে পারে। বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন বলে জানানো হয়েছে।
এছাড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের তথ্য খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যাঁদের বিষয় ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে, তাঁরা আপাতত প্রকল্পের সুবিধা পেতে থাকবেন।
ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্কে ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা DBT পরিষেবা চালু ও লিঙ্ক করানোর জন্য মহিলাদের ভিড় বাড়তে শুরু করেছে। এর মধ্যেই নতুন ফর্ম প্রকাশের ঘোষণা ঘিরে উপভোক্তাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সরকার জানিয়েছে, নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে ওই ফর্ম পূরণ করাও বাধ্যতামূলক হবে।