অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? (ছবি: ফেসবুক)আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই কথাটা মাথায় রেখেই পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। আর আজ বাংলার মহিলাদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা পাওয়া মহিলাদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, এই টাকাটা পেয়ে অনেক মহিলার ভীষণই সাহায্য হয়েছে। জরুরি খরচার চিন্তা কমেছে। পাশাপাশি তিনি দাবি করেছেন, অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য কোনও কাটমানি দিতে হচ্ছে না। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা।
এ দিন নিজের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আপনার ভরসা, আমার শক্তি।' জন্মদিনে বাংলার মা-বোনেদের প্রতি এভাবেই বাংলা ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'বাংলায় নয়া পরম্পরা শুরু হয়েছে। অন্নপূর্ণ যোজনায় যাঁরা লাভবান হচ্ছেন, তাঁদের অভিনন্দন। মহিলারা নানাভাবে পরিবারের খেয়াল রাখেন। জরুরি খরচের চিন্তা কম হলে তাঁদের আত্মবিশ্বাসও বাড়ে। অন্নপূর্ণা যোজনা বাংলার মহিলাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।'
এরপরই ৪ মে-এর পর পশ্চিমবঙ্গের পরিবর্তনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বাংলা গত ৪ মে পরিবর্তনের নয়া রাস্তা বেছে নিয়েছিল। তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলার মা-বোনেদের। আমরা বলি, কথা কম কাজ বেশি। এখন আর বাংলায় কোনও কাটমানি দিতে হয় না। আমাদের সরকারের লক্ষ্য এটাই। একজনও যোগ্য মহিলা যাতে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত না হন।'
প্রধানমন্ত্রী দাবি করেন, এখন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়। ডিবিটি-এর মাধ্যমে দেওয়া হয় টাকা। তিনি নিজের কথায় এটা পরিষ্কার করে দিয়েছেন বর্তমানে বাংলার সরকার স্বচ্ছতার দিকেই নজর দিয়েছেন।
অন্নপূর্ণা দিবস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
আজ অন্নপূর্ণা দিবসে বাংলার মহিলাদের জন্য বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করলেন, ১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। আরও যাঁরা যোগ্য, বাছাই করে তাঁদের অ্যাকাউন্টে আজ সারাদিনে পৌঁছে যাবে ৩০০০ টাকা।
পাশাপাশি তিনি জানালেন, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসেবে পালিত হবে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি ছিল অন্নপূর্ণা যোজনা। আর বাংলায় ক্ষমতায় এসেই বিজেপি সরকার এই যোজনা চালু করতে পেরেছে। তাই তাঁর জন্মদিনটাই অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে।