রাজনৈতিক সুপারিশে চাকরি? সিভিক ভলান্টিয়ার নিয়োগে তদন্তের নির্দেশ, শুরু হচ্ছে ঝাড়াই-বাছাই

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই যেসব অভিযোগ উঠছিল, এবার সেগুলির সত্যতা খতিয়ে দেখতে মাঠে নামছে স্বরাষ্ট্র দফতর। জারি হয়েছে নতুন নির্দেশিকা। আগামী ৯০ দিনের মধ্যে রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, যোগ্যতা এবং কর্মদক্ষতার পূর্ণাঙ্গ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
রাজনৈতিক সুপারিশে চাকরি? সিভিক ভলান্টিয়ার নিয়োগে তদন্তের নির্দেশ, শুরু হচ্ছে ঝাড়াই-বাছাইসিভিক ভলান্টিয়ার। ফাইল ছবি।
হাইলাইটস
  • সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
  • দীর্ঘদিন ধরেই যেসব অভিযোগ উঠছিল, এবার সেগুলির সত্যতা খতিয়ে দেখতে মাঠে নামছে স্বরাষ্ট্র দফতর।

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই যেসব অভিযোগ উঠছিল, এবার সেগুলির সত্যতা খতিয়ে দেখতে মাঠে নামছে স্বরাষ্ট্র দফতর। জারি হয়েছে নতুন নির্দেশিকা। আগামী ৯০ দিনের মধ্যে রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, যোগ্যতা এবং কর্মদক্ষতার পূর্ণাঙ্গ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের সময় নির্ধারিত নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনও রাজনৈতিক সুপারিশ কাজ করেছে কি না, সেই বিষয়েও তদন্ত হবে। এমনকি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নিয়োগ বা বদলি করা হয়েছে কি না, তাও যাচাই করা হবে।

শুধু নিয়োগ প্রক্রিয়াই নয়, গত দুই বছরে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়রদের কাজের রেকর্ডও খতিয়ে দেখা হবে। তাঁদের উপস্থিতি, কর্মদক্ষতা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের মান মূল্যায়ন করা হবে বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'এই বিষয়গুলো খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে বহু সিভিক ভলান্টিয়র রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পেয়েছেন। তাঁদের যোগ্যতা, কাজের দক্ষতা কিংবা শারীরিক সক্ষমতা যাচাই করে নিয়োগ করা হয়নি।'

তিনি আরও দাবি করেন, বিভিন্ন সরকারি দফতরেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অতিরিক্ত কর্মী নিয়োগের ঘটনা ঘটেছে। তাঁর কথায়, 'যেখানে পাঁচজন কর্মী প্রয়োজন, সেখানে চারশো জনকে নিয়োগ করা হয়েছে। তাঁদের অনেকেই নিয়মিত দফতরে আসেন না। মাঝে মধ্যে মোটরবাইক নিয়ে এসে আড্ডা দিয়ে চলে যান। অথচ উপস্থিতির খাতায় সই হয়ে যায় আগেই। এই পরিস্থিতি চলতে পারে না। সরকারি অর্থ জনগণের অর্থ, তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।'

মন্ত্রী জানান, ইতিমধ্যেই ‘বিট সিস্টেম’-এর মাধ্যমে কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা দীর্ঘদিন কাজে অনুপস্থিত, তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সিভিক ভলান্টিয়রদের নিয়ে বড়সড় পর্যালোচনার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই ব্যবস্থার মধ্যে বহু অসঙ্গতি রয়েছে এবং তা দূর করতে ঝাড়াই-বাছাই করা হবে।

নতুন এই নির্দেশিকার ফলে আগামী কয়েক মাসের মধ্যেই সিভিক ভলান্টিয়রদের কর্মপদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।

 

POST A COMMENT
Advertisement