পুরুলিয়া থেকে আনন্দবিহার বন্দেভারত।-ফাইল ছবিপুরুলিয়া থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত নতুন বন্দে ভারত ট্রেন চালুর অনুমোদন দিল রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে ট্রেনটি চলবে। সম্প্রতি রেলমন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশ্যে এসেছে, যেখানে পুরুলিয়া-আনন্দ বিহার রুটে নতুন ট্রেন পরিষেবার অনুমোদনের কথা উল্লেখ রয়েছে। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
চিঠিতে রেলমন্ত্রী জানান, আলোচনা ও যাত্রীচাহিদার ভিত্তিতে প্রস্তাবটি পর্যালোচনা করা হয়। পর্যালোচনার পর সাপ্তাহিক বন্দেভারত ট্রেন চালুর অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই পুরুলিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দিল্লিগামী সরাসরি ট্রেন পরিষেবার দাবি ছিল। নতুন এই ট্রেন চালু হলে পর্যটন, ব্যবসা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে সম্প্রতি হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত চালু হওয়ার পর রেল পরিষেবায় নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তবে এর মাঝেই দুটি রুটে বন্দেভারত পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন নতুন সংযোগের সূচনা হচ্ছে, অন্যদিকে কিছু পুরনো রুটে পরিষেবা গুটিয়ে নেওয়া হচ্ছে।
রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, রাজস্থান ও গুজরাটের মধ্যে উদয়পুর সিটি থেকে আসারওয়া (আহমেদাবাদ) পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। ট্রেনটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর পশ্চিম রেলওয়ে (এনডব্লিউআর)-কে। রেল বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীসুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এতে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে এবং আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তবে একই সঙ্গে জানানো হয়েছে, উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট–উদয়পুর সিটি (ট্রেন নম্বর ২০৯৮১/৮২) বন্দে ভারত ১৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। আর উদয়পুর সিটি-জয়পুর-উদয়পুর সিটি (ট্রেন নম্বর ২০৯৭৯/৮০) বন্দে ভারত ১৪ ফেব্রুয়ারি থেকে পরিষেবা বন্ধ হবে।
নতুন উদয়পুর সিটি-আসারওয়া বন্দেভারত (ট্রেন নম্বর ২৬৯৬৩/২৬৯৬৪) মঙ্গলবার বাদে সপ্তাহে ছদিন চলবে। উদয়পুর সিটি থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ২৫ মিনিটে আসারওয়ায় পৌঁছবে। ফেরার পথে আসারওয়া থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে রওনা দিয়ে রাত ১০টায় উদয়পুর সিটিতে পৌঁছবে। ট্রেনটি জাওয়ার, দুঙ্গারপুর ও হিম্মতনগর স্টেশনে থামবে এবং সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।