জলমগ্ন কলকাতা।-পিটিআইবৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দুর্যোগের মেঘ এখনও পুরোপুরি কাটেনি। শুক্রবার সকালে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দুপুরের পর থেকেই ফের মেঘ জমতে শুরু করবে। দিনের দ্বিতীয়ার্ধে কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ারও বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রায় একই ধরনের আবহাওয়া থাকবে। আজ মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে দুর্যোগের আশঙ্কা আরও বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে টানা এক সপ্তাহের বৃষ্টির দাপট আজও অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা বহাল রয়েছে।
আবহাওয়াবিদদের পরামর্শ, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়াই নিরাপদ। বিশেষ করে নিচু এলাকা, নদী-খাল সংলগ্ন অঞ্চল এবং গাছের নিচে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।