পুজোর ছুটিতে কোপপুজোর মধ্যে সরকারি হাসপাতালের পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে স্বাস্থ্য দফতর। সেই মতো কড়া পদক্ষেপ নেওয়া হল। এক্ষেত্রে আগামী বছর থেকে ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ছুটি নেওয়ার সুযোগ আর থাকবে না। বরং হাসপাতালের পরিষেবা ঠিক রাখতে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের সপ্তমী থেকে দশমী পর্যন্ত রস্টার ডিউটি চালু থাকবে। এমনই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
আসলে চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনার পর শুক্রবার স্বাস্থ্য ভবনে মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। সেখানে হাসপাতালের পরিষেবা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কথা হয়। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর মিলছে।
আসলে চোরবাগান দুর্গাপুজোয় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে যায়। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপরই সেখানে অব্যবস্থার অভিযোগ সামনে আসে। আহতদের ট্রান্সফার করা হয় একটি বেসরকারি হাসপাতালে।
ওদিকে আবার পুজোর সময় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও অব্যবস্থার ছবি দেখা যায়। হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে সাফাইয়ের দুরবস্থা চোখে পড়ে এলাকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। তিনি তখনই সরাসরি ফোন করে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রীকে। এই নিয়েই ক্ষুদ্ধ হন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সরকারি হাসপাতালের কর্মীদের জনগণের করের টাকায় চলা পরিষেবার প্রতি দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন তিনি।
এহেন অব্যবস্থার জন্য এমএসভিপি সহ দেবেন মাহাতো হাসপাতালের ৮ জনকে শোকজ করা হয়। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব হাসপাতালের হাল ফেরানোর নির্দেশ দেওয়া হয়। বাতিল করা হয় ছুটি। পাশাপাশি রাজ্যের মেডিক্যাল কলেজগুলির সঙ্গে বৈঠকেও বসেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে দুর্গাপুজোয় ছুটি নিয়ে নয়া নির্দেশ দেওয়া হয় বলে খবর।
তবে মাথায় রাখতে হবে, এবারের পুজোতেও চালু ছিল রস্টার। কিন্তু আগামী বছর থেকে চিকিৎসক ও নার্সদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। অন্য কর্মীদের জন্য আগের মতোই রস্টার ব্যবস্থা চলবে। এক্ষেত্রে আগাম ছুটি নিয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকার প্রবণতা বন্ধ করতে চাইছে স্বাস্থ্য দফতর। সেই মতো কড়া অবস্থান নেওয়া হচ্ছে। এখন দেখার এই নয়া নিয়ম চালুর ফলে পুজোর সময় রাজ্যের হাসপাতালগুলির হাল ফেরে কি না। যদিও সেটা জানতে আরও একটা বছর সময় লাগবে।