Digha: এই উইকএন্ডে দিঘা, মন্দারমনিতে 'বিপদ'? আগেই অ্যালার্ট করল প্রশাসন

নতুন করে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর সেই আশঙ্কাতেই দিঘা, মন্দারমনি, তাজপুরের মতো সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Advertisement
এই উইকএন্ডে দিঘা, মন্দারমনিতে 'বিপদ'? আগেই অ্যালার্ট করল প্রশাসনদিঘা যাওয়ার আগে এই খবর অবশ্যই পড়ুন
হাইলাইটস
  • দিঘা, মন্দারমনি, তাজপুরের মতো সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা
  • নতুন করে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়


বৃহস্পতিবার নতুন করে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য পূর্ব মেদিনীপুরে। ফলত এই উইকএন্ডে যারা দিঘায় বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের আনন্দ মাটি হতে পারে। কারণ প্রবল ঝড়বৃষ্টির জেরে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। 

কতদিন দিঘার সমুদ্রে নিষেধাজ্ঞা? 
প্রশাসনের তরফে আগামী ১২ জুলাই, রবিবার পর্যন্ত দিঘার সমুদ্র স্নানে যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। দুর্যোগপূর্ণ পরিস্থিতি, প্রবল ঝড়বৃষ্টি এবং জলোচ্ছাসের আশঙ্কায় এই নিষেধাজ্ঞা বলে মনে করা হয়েছে। যে সকল পর্যটকরা উইকএন্ড কাটাতে দিঘা যাওয়ার প্ল্যান করেছিলেন, তাদের কার্যত হোটেলবন্দি হয়েই কাটাতে হবে। 

মৎস্যজীবীদেরও মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বুধবার রাতে মাইকে মাইকে এই নির্দেশিকা প্রচার করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। 

স্নান করা যাবে না মন্দারমনি, তাজপুরেও
তবে শুধুমাত্র দিঘাই নয়, প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় মন্দারমনি, তাজপুর, উদয়পুরের মতো বিচগুলিতেও পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন উপকূল এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দা, পর্যটকদের সতর্কবার্তায় মাইকে প্রচার করা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে। শনি-রবির ছুটিতে প্রচুর সংখ্যক মানুষ দিঘা, মন্দারমনি, তাজপুরে বেড়াতে যান। হোটেলগুলিতে কার্যত তিল ধারণের জায়গা থাকে না। সেক্ষেত্রে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা থাকায় উইকএন্ডে হোটেল ব্যবসাও যে মার খেতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

এদিকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে গত ২ জুলাই থেকে নিখোঁজ শঙ্করপুরের ১৫ জন মৎস্যজীবী। তাঁদের কারও সন্ধানই মেলেনি এখনও। 

কেন আচমকাই দিঘায় জলোচ্ছ্বাসের আশঙ্কা?
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলাদেশে তৈরি শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত ও একটি নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাব তৈরি হয়েছে। এতে গড়ে উঠেছে মরশুমের অন্যতম শক্তিশালী বৃষ্টি বলয়। এর জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং প্রবল বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকায়। চলতি সপ্তাহের বাকি ৪ দিন ১৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement

কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?
পূর্ব মেদিনীপুরের পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে রবিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে  কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়।

 

POST A COMMENT
Advertisement