সিটংয়ে হানিমনে গিয়ে ঝলসে গিয়েছিলেন, মৃত্যু সেই নিকিতারহানিমুনে গিয়ে মর্মান্তিক ঘটনার শিকার হয়েছিলেন উত্তর দিনাজপুরের নিকিতা সাহা। সিটঙের রিসর্টে বারবিকিউয়ের আগুনে ঝলসে গিয়েছিলেন। গত ১৩ সেপ্টেম্বর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। ৬৮ দিনের লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন নববধূ।
সিটঙের হোমস্টেতে বারবিকিউ করার সময়ে আচমকাই আগুন লেগে যায় নিকিতার গায়ে। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে তাঁকে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় বাঙুর হাসপাতালে। পরিস্থিতির অবনতি হওয়ায় কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই নববধূকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সামান্য উন্নতিও হয়েছিল নিকিতার। মাঝে একদমই প্রয়োজন পড়ছিল না অক্সিজেন সাপোর্টের। পোড়া অংশে নতুন টিস্যুও তৈরি হচ্ছিল। ICU থেকে জেনারেল ওয়ার্ডে শিফ্ট করা হয়েছিল। কিন্তু নিকিতার শরীর এতটাই দগ্ধ হয়েছিল, তাঁর স্কিন গ্রাফ্টিং করা সম্ভব হচ্ছিল না। ফলত উন্নতমানের ড্রেসিং করতে চেয়েছিলেন চিকিৎসকরা। তাদের বক্তব্য ছিল, ন্যাচরাল হিলিং হবে নিকিতার।
হঠাৎ করেই তাঁর সংক্রমণ আবার বাড়তে থাকে। ICU-তে শিফ্ট করানোর প্রয়োজন পড়ে। কিন্তু সে সময়ে বাঙুর হাসপাতালে ICU বেড খালি না থাকায় এবং তাঁর পরিস্থিতি অবণতি হওয়ায় নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। পরিবারের লোকেরা বন্ডে সই করে নিয়ে যায় তাঁকে।
বৃহস্পতিবার ভোরে বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্ট হয় নিকিতার। সেপসিস হয়ে গিয়েছিল বলেও খবর। তাঁর ত্বক এতটাই নষ্ট হয়ে গিয়েছিল, শরীর বারবার সংক্রমণের কবলে পড়ছিল। শেষ পর্যন্ত তা আর সামাল দিতে পারেনি। সংক্রমণের ধাক্কা সহ্য করতে না পেরেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় নিকিতার।