বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে।South Bengal Weather Update: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিনে (Special Bulletin) এমনটাই বলা হয়েছে। আপাতত বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। সঙ্গে যোগ হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। এর জেরে আগামী সাত দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ ঝোড়ো হাওয়া। উল্লেখ্য, সোমবার থেকেই মহানগরের আবহাওয়া অনেকটাই পাল্টে গিয়েছে। চলতি সপ্তাহজুড়ে সেই রেশ থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে আগামী ১৬ ও ১৭ জুলাই বৃষ্টির দাপট আরও কয়েক গুণ বাড়তে পারে।
সোম থেকে বুধবার: কলকাতায় দফায় দফায় বৃষ্টি, উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার (১৩ জুলাই) থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বৃষ্টির পরিধি কিছুটা বদলাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে সরবে।
বুধবার (১৫ জুলাই) থেকে বৃষ্টি আরও বাড়বে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে (বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা) ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতি ও শুক্রবার: পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগ
চলতি সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ ১৬ এবং ১৭ জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
পরের দিন, শুক্রবার (১৭ জুলাই) বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই দুই দিনই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। তবে ১৮ ও ১৯ জুলাই থেকে বৃষ্টির বেগ কিছুটা কমতে পারে। তবে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে বলেই আলিপুরের পূর্বাভাস।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টিপাত জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে ধসের আশঙ্কাও রয়েছে।
মনে রাখবেন
ইদানিং বজ্রগর্ভ মেঘের কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। তাই আকাশে মেঘ থাকলে চাষের খেত বা ফাঁকা মাঠ এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় বিদ্যুতের খুঁটি, বড় গাছ বা কাঁচা বাড়ির নিচে আশ্রয় নেবেন না।