অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূলের প্রভাবশালী নেতা তথা জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়ে ফের বড়সড় পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, ধাপে ধাপে নিরাপত্তা কমানোর পর এবার তাঁর জন্য থাকা রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে বর্তমানে অনুব্রত মণ্ডল আর রাজ্য পুলিশের কোনও নিরাপত্তা পাচ্ছেন না।
এর আগে তাঁর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। পরে সর্বক্ষণের জন্য একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়। কিন্তু প্রশাসনিক সূত্রের দাবি, বৃহস্পতিবার রাত থেকে সেই ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে।
নিরাপত্তা প্রত্যাহারের পর অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর ঘনিষ্ঠ মহলে। সূত্রের খবর, বর্তমানে তাঁর জন্য বেসরকারি নিরাপত্তারক্ষীর খোঁজ শুরু হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল।
শুধু অনুব্রতই নন, বীরভূমের আরও দুই প্রভাবশালী তৃণমূল নেতা—জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং চন্দ্রনাথ সিংহের নিরাপত্তাতেও বড়সড় কাটছাঁট করেছে রাজ্য প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁদের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। তুলে নেওয়া হয় পাইলট কার, এস্কর্ট এবং হাউস গার্ডের সুবিধা।
অনুব্রত মণ্ডল এতদিন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। তাঁর বাড়িতেও মোতায়েন ছিল হাউস গার্ড। পরে সেই নিরাপত্তা কমিয়ে শুধুমাত্র একজন সশস্ত্র রক্ষী রাখা হয়েছিল। এবার সেটিও তুলে নেওয়া হল। একইভাবে কাজল শেখের নিরাপত্তা বলয় থেকেও সরিয়ে নেওয়া হয়েছে পাইলট, এস্কর্ট ও হাউস গার্ডের ব্যবস্থা।