ফাইল ছবিদক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের পূর্বাভাস ছিলই, এবার তারসঙ্গে যুক্ত হল ঝড়-বৃষ্টি। বুধবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর তাদের বুলেটিনে জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় পশ্চিমী বায়ুপ্রবাহের একটি অক্ষরেখা ৮৯° পূর্ব দ্রাঘিমা বরাবর ২১° উত্তর অক্ষাংশের উত্তরে ছড়িয়ে রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিনে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ বা উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। উপকূলীয় এলাকায় আর্দ্রতার মাত্রাও বেশ বেশি থাকবে, ফলে অস্বস্তি বাড়বে।
অন্যদিকে, একই সময়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে গোটা পশ্চিমবঙ্গেই ওই প্রবণতা বাড়তে পারে।
তাপমাত্রার নিরিখে, আগামী চার দিন তেমন কোনও বড় পরিবর্তন না হলেও, তার পরবর্তী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
দক্ষিণবঙ্গের দিনভিত্তিক পূর্বাভাস:
২২ এপ্রিল:
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। অন্যত্র মূলত শুষ্ক আবহাওয়া। বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা।
২৩ এপ্রিল:
কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
২৪ এপ্রিল:
কিছু জেলায় হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে বজ্রপাতসহ ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে।
২৫ এপ্রিল:
বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি ৪০-৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।
২৬ এপ্রিল:
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতি ৫০-৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত উঠতে পারে।
২৭ এপ্রিল:
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা প্রবল। একাধিক জেলায় ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।