
দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় হাওয়ার গতি আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’।
শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে। বিশেষ করে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে দুর্যোগের সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না হলেও তার পরের তিন দিনে ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এরপর তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।
বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির শুরু হয়েছে। পুরুলিয়ায় ইতিমধ্যেই ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সমুদ্রেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঝড়বৃষ্টির জেরে বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্র উত্তাল থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সেই কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে এই দু’দিন মৎস্যজীবীদের না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে সপ্তাহের বাকি দিনগুলিতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।