Suvendu Adhikari Cabinet: আয়ুষ্মান ভারত থেকে সরকারি চাকরি, শুভেন্দুর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ৬ বড় সিদ্ধান্ত

Suvendu Adhikari cabinet meeting: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন।

Advertisement
আয়ুষ্মান ভারত থেকে সরকারি চাকরি, শুভেন্দুর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ৬ বড় সিদ্ধান্তপ্রথম বৈঠক থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিল নতুন বিজেপি সরকার।
হাইলাইটস
  • সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।
  • সাংবাদিক সম্মেলনে ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন।
  • প্রথম বৈঠক থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিল নতুন বিজেপি সরকার।

Suvendu Adhikari cabinet meeting: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান থেকে শুরু করে বিএসএফকে জমি হস্তান্তর, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, কেন্দ্রীয় প্রকল্পে অংশগ্রহণ এবং চাকরিপ্রার্থীদের বয়সসীমায় ছাড়; একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানাল নতুন সরকার। রাজনৈতিক মহলের মতে, প্রথম বৈঠক থেকেই প্রশাসনিক ও রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিল নতুন বিজেপি সরকার।

সোমবার দুপুর ১১টা নাগাদ নবান্ন সভাঘরে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক-সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে শুভেন্দু ৬টি সিদ্ধান্ত ও পদক্ষেপের বিষয়ে জানালেন।

১. 'পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে উৎসব হয়েছে, তার জন্য ৯৩ শতাংশ ভোটার, নির্বাচন কমিশন, ভোটকর্মী, গণনাকর্মী, পুলিশ, সংবাদমাধ্যম এবং সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি।'

২. এ দিন বিজেপি কর্মীদের মৃত্যুর প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, '৩২১ জন আত্মবলিদান দিয়েছেন। তাঁদের পরিবারের পাশে থাকবে সরকার। হত্যার বিচার হবে এবং পরিবারগুলির সামাজিক দায়িত্বও সরকার নেবে।'

৩. এদিন অন্যতম বড় সিদ্ধান্ত ছিল বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন। শুভেন্দুর কথায়, 'দেশ ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে এবং সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তনের বিষয় মাথায় রেখে স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।' তিনি জানান, আগামী ৪৫ দিনের মধ্যে ভূমি দফতর জমি হস্তান্তরের কাজ সম্পূর্ণ করবে।

৪. প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুভেন্দু জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্ন হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী জনআরোগ্য, কর্প বিমা, বেটি বাঁচাও, উজালা এবং বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্য যুক্ত হবে। তাঁর দাবি, আগের সরকার প্রায় ৮.৬৫ লক্ষ বিশ্বকর্মা যোজনার আবেদন আটকে রেখেছিল। নতুন সরকার দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ করবে।

Advertisement

উজালা প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'বাংলার জন্য উজালা ৩ প্রকল্পে আরও ১৫ লক্ষ কোটার সুযোগ রয়েছে।' হাতের কাজের সঙ্গে যুক্ত কামার, কুমোর, তাঁতি ও স্বর্ণকারদের জন্যও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

৫. প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নতুন সরকার। শুভেন্দু জানান, এতদিন রাজ্যের আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ নিতে দেওয়া হত না। এখন থেকে সেই বাধা থাকবে না।  এদিন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS কার্যকর করার সিদ্ধান্তও ঘোষণা করেন তিনি। তাঁর অভিযোগ, এতদিন পুরনো আইপিসি এবং সিআরপিসি চালানো হচ্ছিল।

৬. চাকরিপ্রার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু জানান, 'অমিত শাহ রায়দিঘি থেকে বলেছিলেন ২০১৫ সালের পর রাজ্যে কোনও রিক্রুটমেন্ট হয়নি। সরকারি চাকরির আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে।'

এ দিনের সাংবাদিক বৈঠকে জনগণনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পাঠানো জনগণনা সংক্রান্ত ফাইল প্রায় ১১ মাস ধরে ফেলে রাখা হয়েছিল। শুভেন্দু বলেন, 'এটি শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, দেশের সঙ্গেও বিশ্বাসঘাতকতা।' তিনি জানান, নতুন সরকার অবিলম্বে জনগণনার সার্কুলার কার্যকর করেছে এবং কাজ শুরু হয়ে গিয়েছে।

শুভেন্দু আরও জানিয়েছেন, আগামী সোমবার ফের ক্যাবিনেট বৈঠক হবে। সেখানে আরজি কর কাণ্ড, মহিলাদের নিরাপত্তা, বকেয়া ডিএ, পে কমিশন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তী মিটিং থেকে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পল সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান শুভেন্দু। 

POST A COMMENT
Advertisement