শুভেন্দু অধিকারী৪ মে ভোটযুদ্ধে বিরাট জয়। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ। আর ১১ মে, অর্থাৎ আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকাল ১১ নাগাদ এই বৈঠক হতে পারে বলে খবর মিলছে। আর তার ঠিক আগেই গরু পাচার রুখতে বড় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন শুভেন্দু। ও দিকে আজকের মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও যুবদের জন্য ৩০০০ টাকার ভাতা এবং আয়ুষ্মান ভারতের প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বৈঠকের আগেই অবৈধ গরু পাচার নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু সরকারের তরফে রাজ্যের সমস্ত এসপি এবং সিপিদের অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই থেমে না থেকে লাইসেন্সবিহীন গরুর হাট বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে নতুন সরকারের পক্ষ থেকে।
আজ মন্ত্রিসভার বৈঠকে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা?
আজ সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। আর সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার বিষয়টা নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, মহিলা ও যুবকদের জন্য ৩০০০ টাকা ভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সেটা কীভাবে কার্যকর করা যায়, তা নিয়েও মতামত জানতে চাওয়া হতে পারে। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
কিছু প্রকল্প বন্ধ বলে অভিযোগ
মাথায় রাখতে হবে, চলতি মাসের ৪ তারিখ ভোটের ফলাফল সামনে এসেছে। সেখানে বিপুল জনমত পেয়েছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া ঝড়ের সামনে উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির এই জয়ের পরই লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, মা ক্যান্টিনের মতো প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই অভিযোগ করছেন, যুবসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলছে না। সেই সঙ্গে মা ক্যান্টিনও বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।
আর এমন পরিস্থিতিতে অনেকেই চাইছেন, সরকার যাতে এই প্রকল্পগুলি নিয়ে স্পষ্ট করে কিছু জানায়। আর জনসাধারণের সেই দাবি মেনে নিয়েই আজ মন্ত্রিসভায় বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।
যদিও যতটুকু জানা যাচ্ছে, পূর্বতন সরকারের কোনও প্রকল্পই আপাতত বন্ধ হবে না। সুতরাং চিন্তার কিছু নেই।
সাংগঠনিক বৈঠকও হচ্ছে...
ও দিকে আজ আবার সাংগঠনিক বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। এই বৈঠকের নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। সেখানে আরও কিছু নেতার উপস্থিত থাকার কথা। এই বৈঠকে বিজেপির সংগঠনকে কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে আলোচনা হবে।