
টোল ফ্রি চালু রাজ্য সরকারের বেআইনি মদ, সিন্ডিকেট রাজ রুখতে টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার। আজ মঙ্গলবার ভবানীভবন থেকে এই পরিষেবা চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিরকারী। তিনি জানান, রাজ্যের যে কোনও প্রান্ত থেকে নির্দিষ্ট বিষয়ে অভিযোগ করা যাবে সংশ্লিষ্ট নম্বরে। সেই নম্বরগুলিও ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী।
তিনি জানান, বেআইনি মদ, সিন্ডিকেট রাজ, কাটমানি ও বেআইনি টোল আটকানোর জন্য নির্দিষ্ট নম্বর রয়েছে। সেগুলি হল যথাক্রমে- ১৫৫৩৩৯, ১৫৫৩৩৫, ১৫৫৩৩৪ এবং ১৫৫৩৩৭। বিনামূল্যে এই নম্বরগুলিতে ফোন করা যাবে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তৎপর হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টোল ফ্রি নম্বরগুলি চালু থাকবে। একসঙ্গে চার নম্বরেই অভিযোগ করা যাবে। সেই সব অভিযোগের নিস্পত্তি করা হবে। প্রয়োজনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে এই নম্বরের যেন কেউ অপব্যবহার না করে, সেই হুঁশিয়ারিও দেন শুভেন্দু।
তাঁর কথায়, 'কেউ ওই সব নম্বরের অপব্যবহার করবেন না।ব্যক্তিগত প্রতিহিংসা করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন। তাহলে উপকার পাবেন। মিথ্যা তথ্য সরবরাহ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।'

পশ্চিমবঙ্গের পুলিশের গরিমা ফিরিয়ে আনা হবে বলেও দাবি করেন তিনি। জানান, কলকাতা পুলিশকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ ও পুলিশের বিভাগকে কীভাবে আরও গতিশীল করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বয়স খুব অল্প। তবে খুব তাড়াতাড়ি সেই সব পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।
পুলিশের শক্তি যে বৃদ্ধি হতে চলেছে তা পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী। দাবি করেন, আগামী দিনে রাজ্যে ১ লক্ষেরও বেশি পুলিশকর্মী নিয়োগ করা হবে। যে সব কনস্টেবলরা পরীক্ষায় পাশ করে আছেন, তাঁদের নিয়োগও সম্পন্ন হবে পুজোর আগেই।