ডাবের জল দিয়ে তৈরি হচ্ছে চাবর্তমানে ফুড ভ্লগারদের দৌলতে এমন অনেক দোকান বা ছোট ছোট ব্যবসা রয়েছে, যা লাইমলাইটে আসে। সেটা নন্দিনী দির ভাতের হোটেল হোক কিংবা রাজুদার পকেট পরোটা। কোথাও ঘুগনি ভাল আবার কোথাও নেপালি মোমো। এইসব খাবারের দোকান প্রায়ই ফুড ভ্লগারদের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি তেমনি এক চায়ের দোকান ভাইরাল হয়েছে, যেখানে স্পেশাল চা তৈরি করা হয়। আর এই চায়ে লাগে না জল, দুধ-চিনি! তাহলে কীভাবে তৈরি হয় চা?
পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের একটি চায়ের দোকানে ডাবের জল দিয়ে চা তৈরি করা হয়। আর সেই ইউনিক চা খেতে ভিড় জমাচ্ছেন চা-প্রেমীরা। চা মানেই দুধ-চিনি কিংবা জল দিয়ে তৈরি পানীয়। সেই চা এতদিন মানুষ খেয়ে এসেছেন। কিন্তু এবার চায়ের কাপেই মিলছে ডাবের জলের চমক! না আছে দুধ, না চিনি, এমনকী সাধারণ জলের ব্যবহারও নেই। সম্পূর্ণ ডাবের জল দিয়ে তৈরি হচ্ছে চা। আর এই অভিনব চায়ের স্বাদ নিতেই কাটোয়ার অগ্রদ্বীপের ওই দোকানে ভিড় জমাচ্ছে বহু মানুষ। প্রতি কাপ চা মিলছে মাত্র ১০ টাকায়।
চা আর ডাবের জল—দু’য়ের এমন মেলবন্ধন যে ক্রেতাদের মধ্যে কৌতুহল তৈরি করবে, তা বলাই বাহুল্য। বিশেষ ওই চা তৈরির পদ্ধতিও বেশ অভিনব। প্রথমে ক্রেতাদের সামনেই কাটা হচ্ছে তাজা ডাব। সেখান থেকে বের করে নেওয়া হচ্ছে জল। এরপর সেই জল হালকা গরম করে তৈরি করা হচ্ছে চায়ের লিকার। গোটা প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে না দুধ, চিনি কিংবা জল।
দোকানের মালিক সুকান্ত গড়াইয়ের মাথায় এসেছিল নতুন কিছু করার ভাবনা। আর সেই ভাবনা থেকেই তাঁর এই অভিনব উদ্যোগ। চায়ের চেনা স্বাদের বাইরে বেরিয়ে ক্রেতাদের অন্যরকম অভিজ্ঞতা দিতেই ডাবের জল দিয়ে চা তৈরির সিদ্ধান্ত নেন তিনি। আর সেই নতুনত্বই এখন টানছে চা-প্রেমীদের। কেউ প্রথমবার এমন চা খেতে এসে অবাক হচ্ছেন, আবার কেউ স্বাদ কেমন, তা জানতে হাজির হচ্ছেন ওই চায়ের দোকানে। কখনও কখনও তো এক কাপ অভিনব চায়ের জন্য অপেক্ষাও করতে হচ্ছে ক্রেতাদের। তবে নতুন চায়ের স্বাদ পেতে, হাসিমুখেই অপেক্ষা করছেন ক্রেতারা।