টেটের ইন্টারভিডআগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে প্রাথমিক টেট-এর ইন্টারভিউ। ২০১৪ এবং ২০১৭ -তে টেট (Primary TET) পাশ করা প্রার্থীদের হবে প্রথম দফার ইন্টারভিউ। অন্তত ২০০ জন চাকরি প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে পর্ষদের অফিসে। সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার জেরেই কোভিড বিধি মেনে ইন্টারভিউ হবে জানিয়েছে পর্ষদ।
আজ, সোমবার এক বিশেষ নোটিস দিয়ে পর্ষদের তরফে বলা হয়েছে, ইন্টারভিউ-র সময় কোভিড বিধি মানতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
আরও পড়ুন-কলকাতায় ব্রিটিশ মহিলা করোনা আক্রান্ত, বাড়ছে আতঙ্ক
২০১৪ ও ২০১৭-তে টেট পাশ করা যে সব প্রার্থীরা এবার আবেদন করেছেন, তাঁদের মধ্যে থেকেই প্রার্থী বাছাই করা হয়েছে। মৌখিক পরীক্ষার পাশাপাশি অ্যাপ্টটিউট টেস্টও দিতে হবে প্রার্থীদের।
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি ধরা পড়ার পর নতুন করে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কেন্দ্র ও রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে সতর্কতা প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে করোনা পরীক্ষা করা হচ্ছে বিদেশ থেকে আগত যাত্রীদের। স্বাস্থ্য মন্ত্রক, রাজ্য গুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। এই পরিস্থিতিতে পর্ষদও বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। এদিনই বিদেশ ফেরত এক যাত্রী করোনা পজেটিভ ধরা পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবারই কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা ছিল। যে সব প্রার্থীরা পার্শ্বশিক্ষকের চাকরি করছেন, তাঁদের নিয়ে একটি মামলা হয়েছিল। তবে সে ক্ষেত্রে আদালত কোনও হস্তক্ষেপ করেনি।
আরও পড়ুন-কসবার গির্জায় আগুনে দগ্ধ বালিকা, উদ্ধারে জখম এক পুলিশকর্মী