কমিশনে দেখা করল মমতাপন্থী তৃণমূলআজ দিল্লিতে নির্বাচন কমিশনে নিজেদের দাবি তুলে ধরলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তাঁরা কমিশনের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি দলে যে তাঁদেরই বৈধ অধিকার, এই বিষয়টাও দাবি করেছেন তাঁরা।
এই বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ১৯৯৭ সালে দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন নথি এবং দলের সংবিধান উল্লেখ করেছেন তারা।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাঁরা দলের ওপর কর্তৃত্বের দাবি করছে, তাঁদের অবস্থান দলীয় সংবিধানের পরিপন্থী।' তাঁর দাবি, দলের সংবিধান অনুযায়ী কার্যসমিতির নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হয়। সর্বশেষ কার্যসমিতি নির্বাচন হয়েছিল ২০২২ সালে। সেই কমিটির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৈধ।
তাঁর প্রশ্ন, সেই পরিস্থিতিতে মাঝপথে কোন বিধান বা নিয়মের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে? এই বিষয়েই নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
আসলে বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। বিধানসভার বিক্ষুদ্ধ বিধায়কের সংখ্য়া ৬০-এর উপর। এই সব বিধায়করা বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি অরূপ রায়কে চেয়ারম্যান করে বানান হয়েছে নতুন কমিটি। পাশাপাশি তাঁরা দলের প্রতীক, তহবিল ও পার্টি অফিসের উপর নিজেদের দাবিও রাখছেন। সেই মতো ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি দল দেখাও করেছে কমিশনের সঙ্গে।
আর এই বিষয়টা নিয়ে কমিশনকে বিঁধতে ছাড়েনি কালীঘাট তৃণমূল। ঋতব্রত তৃণমূলের কথা শোনায় তারা কমিশনের কড়া সমালোচনা করেছে।
আজ দিল্লিতে যায় কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল
তৃণমূলের প্রতীক, লোগো এবং অন্যান্য সম্পদের ওপর কার বৈধ অধিকার রয়েছে, এই নিয়ে বিবাদ চরমে উঠেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন তৃণমূলের উভয় পক্ষকেই দলের সাংগঠনিক নথি এবং তাদের দাবির সমর্থনে প্রমাণপত্র ৬ জুলাই ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এই বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে আজ নির্বাচন কমিশনের সদর দফতর এ যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা কমিশনের কাছে নিজেদের অবস্থান ও দাবি সংক্রান্ত নথিপত্র জমা দেন। এর আগেই কমিশনে গিয়েছে ঋতব্রত তৃণমূল। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। কার হাতে যায় দলের প্রতীক।