সোমবারই শপথগ্রহণ, শুভেন্দুর মন্ত্রিসভায় শপথ নিতে পারেন বিজেপির আদি ও নবাগত ১২ মুখ

রাজ্যে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণের অপেক্ষার অবসান হতে চলেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ জুন, সোমবার রাজভবনে ১০ থেকে ১২ জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Advertisement
সোমবারই শপথগ্রহণ, শুভেন্দুর মন্ত্রিসভায় শপথ নিতে পারেন বিজেপির আদি ও নবাগত ১২ মুখ
হাইলাইটস
  • রাজ্যে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণের অপেক্ষার অবসান হতে চলেছে।
  • সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ জুন, সোমবার রাজভবনে ১০ থেকে ১২ জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন।

রাজ্যে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণের অপেক্ষার অবসান হতে চলেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ জুন, সোমবার রাজভবনে ১০ থেকে ১২ জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার উল্লেখযোগ্যভাবে বাড়বে।

রবীন্দ্র জয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ মাত্র ছ'জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। এত ছোট মন্ত্রিসভা নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছিল। নতুন মন্ত্রীরা কবে শপথ নেবেন, তা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। সেই জল্পনারই অবসান হতে পারে সোমবার।

দলীয় সূত্রে খবর, সম্প্রসারিত মন্ত্রিসভায় আদি ও নবাগত, উভয় শিবিরের বিজেপি বিধায়কদেরই গুরুত্ব দেওয়া হবে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে রয়েছেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। তাঁকে উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে তাঁর সহযোগী হিসেবে বা পৃথকভাবে স্কুলশিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।

উত্তরবঙ্গ থেকে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন পূর্ণমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। তাঁকে গুরুত্বপূর্ণ কোনও দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের নামও আলোচনায় রয়েছে। পূর্ত বা জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব তাঁর হাতে যেতে পারে। বামফ্রন্ট সরকারের আমলে পঞ্চায়েত দফতর পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ঘাটালের বিধায়ক শীতল কপাটের নামও সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছে। তাঁকে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চান মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

বীরভূম থেকেও একাধিক মুখ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। জেলা সভাপতি ধ্রুব সাহা এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম আলোচনায় রয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জগন্নাথবাবুকে পরিবহণ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা।

স্বাস্থ্য দফতর আপাতত মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখতে পারেন। সে ক্ষেত্রে ইন্দ্রনীল খাঁ এবং শারদ্বত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা আয়ুষ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisement

গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাব্য দাবিদারদের মধ্যে রয়েছেন মানিকতলার বিধায়ক তাপস রায়ও। যদিও রাজনৈতিক মহলে আলোচনা, তিনি কলকাতার মেয়র পদে বেশি আগ্রহী। তবু প্রাথমিকভাবে তাঁকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে।

এছাড়া সংস্কৃতি জগতের দুই পরিচিত মুখ, রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারীর নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় ঘুরছে। বেহালার বিধায়ক শংকর শিকদারের নামও আলোচনায় রয়েছে।

চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত না হলেও, সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে এখন রাজনৈতিক মহলের নজর। বিজেপি সরকারের প্রথম বড় মন্ত্রিসভা সম্প্রসারণে কারা জায়গা পান, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

 

POST A COMMENT
Advertisement