Threat Call to Government Lawyer: 'দাদার মামলা নিয়ে দেখা করতে চাই', সরকারি আইনজীবীকে হুমকি ফোন দেবরাজ ঘনিষ্ঠের

উল্লেখ্য, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রভাবশালী নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজি ও আয়বহির্ভূত সম্পত্তি মামলার শুনানিতে বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ সরকারি আইনজীবী হিসাবে বিভাস চট্টোপাধ্যায় নিযুক্ত হয়েছেন।

Advertisement
'দাদার মামলা নিয়ে দেখা করতে চাই', সরকারি আইনজীবীকে হুমকি ফোন দেবরাজ ঘনিষ্ঠের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • রাজ্যের বিশেষ সরকারি আইনজীবীকেই হুমকি ফোন।

রাজ্যের বিশেষ সরকারি আইনজীবীকেই হুমকি ফোন। ধৃত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে এক জনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। বাগুইআটি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তীর মামলায় সরকারের পক্ষে সওয়াল করছেন বিভাস চট্টোপাধ্যায়। অভিযোগ, তাঁকে সম্প্রতি একজন ফোন করে রীতিমতো হুমকির সুরে বলেন, ‘দাদার মামলা নিয়ে কথা বলতে চাই।’ দাদা বলতে এখানে দেবরাজ চক্রবর্তী। পরোক্ষে টাকা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছিল। বাগুইআটি থানায় নির্দিষ্ট নম্বরটি উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। আইনজীবীর দাবি, চলতি মাসের ৬ তারিখ সকালে তিনি নিজের চেম্বারে বসেছিলেন। সেই সময় তাঁর মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ট্রু কলারে নাম ওঠে, রাজু হাসান এবি সাপোর্টের স্টেট কমিটি জেনারেল সেক্রেটারি। নিজেকে কার্যত দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচয় দেয় ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি। 

আইনজীবী আরও দাবি করেন, ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি বেশ খানিকটা হুমকির সুরে কথা বলেই তার সঙ্গে দেখা করতে চান। যদিও সেই অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে রাজি হননি বিভাসবাবু। এর পাশাপাশি বিভাসবাবুর আরও দাবি, বেশ কিছুদিন ধরেই তিনি বুঝতে পারছিলেন কেউ বা কারা তাকে ফলো করছে। তবে সে বিষয়ে তিনি খুব একটা গুরুত্ব দেননি। চলতি মাসের ৬ তারিখ ওই ফোন কল পাওয়ার পর, গোটা বিষয়টি বাগুইআটি থানায় লিখিতভাবে জানান তিনি। যে নাম্বার থেকে তাঁর কাছে ফোন এসেছিল, সেই নম্বরটিও তিনি পুলিশকে দিয়েছেন। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। ঘটনায় বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “দেবরাজের ঘনিষ্ঠরা এখনও অ্যাক্টিভ। তাই এটাই স্বাভাবিক। ওর হয়ে অনেক ছেলে এলাকায় গুন্ডামি করে। দেবরাজ জেলে, কিন্তু তাঁর স্ত্রী বাইরে রয়েছেন, যিনি বাচ্চার কথা বলে জামিন পেয়েছেন। দেবরাজের হ্যান্ডস বাইরে রয়েছে। আমার কাছে খবর রয়েছে, জেলের ভিতর থেকে নাকি ফোনও ব্যবহার হচ্ছে। কীভাবে ব্যবহার হচ্ছে, তা দেখা উচিত। ব্যবস্থা নেওয়া উচিত।”

Advertisement

উল্লেখ্য, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রভাবশালী নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজি ও আয়বহির্ভূত সম্পত্তি মামলার শুনানিতে বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ সরকারি আইনজীবী হিসাবে বিভাস চট্টোপাধ্যায় নিযুক্ত হয়েছেন। প্রসঙ্গত বিধাননগরের সিন্ডিকেট চক্র পরিচালনা, প্রমোটারদের থেকে ব্যাপক তোলাবাজি এবং বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তরের অভিযোগে ২০২৬ সালের ১ জুলাই রাজ্য পুলিশের এসটিএফ পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে।

রিপোর্টার-অরিন্দম ভট্টাচার্য

POST A COMMENT
Advertisement