দিঘার হোটেল ভাড়া এখন কত?ভোট পর্ব শেষ হতেই ছুটির আমেজে ফের জমে উঠতে চলেছে দিঘা। টানা তিনদিনের ছুটিকে ঘিরে পর্যটকদের ভিড়ের আশায় বুক বাঁধছেন হোটেল মালিকরা। এরই মাঝে বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, দিঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে বিশেষ উৎসবের আয়োজন।
বুধবার ভোট থাকায় পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। বৃহস্পতিবারও ভিড় খুব বেশি হবে না বলেই অনুমান। তবে শুক্রবার পয়লা মে-র ছুটি, তার সঙ্গে শনি-রবিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী তিনদিনে পর্যটকদের ঢল নামতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই হোটেল বুকিং বাড়তে শুরু করেছে।
উল্লেখ্য, তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনেই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ৩০ এপ্রিল দিনটিকেও বিশেষভাবে উদযাপন করা হচ্ছে। সকালে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। এরপর ১০৮টি তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক, দেবদেবীদের নতুন বস্ত্র প্রদান, ছাপ্পান্ন ভোগ নিবেদন, সব মিলিয়ে ভক্তিমুখর পরিবেশ। ইসকনের বিদেশি ভক্তদের অংশগ্রহণে নামসংকীর্তন এবং শাস্ত্রীয় নৃত্যের আসরও আয়োজন করা হয়েছে। রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির চত্বর, ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে।
ভোটের কারণে গত ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বাইরের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি থাকায় দীঘা কার্যত ফাঁকা হয়ে গিয়েছিল। ২৪ এপ্রিল থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেলেও ভিড় তেমন ছিল না। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। সমুদ্রসৈকতেও পর্যটকদের আনাগোনা বাড়ছে।
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ৪ মে ভোটের ফলপ্রকাশের পর আবার পুরোদমে চেনা ছন্দে ফিরবে দীঘা, এমনটাই আশাবাদ স্থানীয় ব্যবসায়ীদের।