
Sobhandeb Chattopadhyay Leader Of Opposition: বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বে শোভনদেব, আর কাকে কোন পদ দিল TMC?Sobhandeb Chattopadhyay Leader Of Opposition: ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিষদীয় দলের কাজ পরিচালনায় বড়সড় রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তে সিলমোহর দিয়ে জানানো হয়েছে, এবার বিধানসভায় বিরোধী দলনেতার গুরুদায়িত্ব সামলাবেন প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি, ডেপুটি লিডার এবং চিফ হুইপ পদেও আনা হয়েছে অভিজ্ঞ মুখদের। বাংলার মানুষের স্বার্থে আরও দায়বদ্ধভাবে কাজ করতেই এই নতুন টিম গঠন করা হয়েছে বলে দল সূত্রে খবর।
তৃণমূলের পরিষদীয় দলে এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ রাজনীতিকের ওপর আস্থা রাখা হয়েছে। তাঁকে যোগ্য সঙ্গ দিতে ডেপুটি লিডার অব অপজিশন হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই মহিলা নেত্রীকে। অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিধানসভায় দলের রাশ শক্ত হাতে ধরতে চিফ হুইপ বা মুখ্য সচেতকের দায়িত্বে আনা হয়েছে কলকাতার মেয়র তথা হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমকে।

দলের নবনিযুক্ত এই আধিকারিকদের অভিনন্দন জানিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে তাঁদের আগামী দিনের সাফল্যের কামনা করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ১৮তম বিধানসভায় পরিষদীয় লড়াইয়ে আরও আক্রমণাত্মক অথচ সংযত থাকতে এই সুপরিকল্পিত রদবদল ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার, এই নতুন টিম বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিধানসভার অন্দরে কতটা সফল হয়।