বিজেপিতে যোগ তৃণমূল কর্মীদেরবিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে দলবদলের চিত্র সামনে আসতে শুরু করেছে। দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় ভোটের বাদ্যি বেজে উঠেছে। এদিকে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, এই প্রকল্পের সুফল এবার ভোটবাক্সে পেতে পারে তৃণমূল। বিজেপির অনেককেই দেখা গিয়েছে যুবসাথীর জন্য আবেদন করতে। আর এরই মাঝে আজ দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের বাবুপুর লোবা,পলাশডাঙ্গা এলাকার পনেরো জন তৃণমূল সদস্য ও দুই শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলো।
এক কথায় বলা চলে দুবরাজপুরে তৃণমূলে বড়সড় ভাঙন ধরল। শনিবার আয়োজিত ওই যোগদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরমণ্ডলীর সভাপতি দেবজ্যোতি সিং-সহ ব্লক ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। সভামঞ্চ থেকে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বহু কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মসূচিতে আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন।
এদিকে এই যোগদানকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিকমহলে। নির্বাচন যত এগিয়ে আসবে, ততই দলবদলের রাজনীতি আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। এর আগে সিপিএমের তরুণ নেতা প্রতীক উর রহমানের দল ছাড়ার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। ব্যাকফুটে রয়েছে আলিমুদ্দিন। শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তৃণমূলে যোগ দেন এই বাম নেতা।
রিপোর্টর- শান্তনু হাজরা