তৃণমূলের জাহাঙ্গির খানপশ্চিমবঙ্গের চর্চিত ফলতা সিটের পুনর্নিবার্চনের বাকি মাত্র ৭২ ঘণ্টা। আর সেই সময়ই তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা 'ভোট পর্বের পুষ্পা' জাহাঙ্গির খান কলকাতা হাইকোর্টের কড়া নাড়লেন। তিনি রাজ্যের সর্বোচ্চ আদালতে আগাম সুরক্ষাকবচ চাইলেন।
জাহাঙ্গিরের অভিযোগ, তাঁর বিরুদ্ধে বেশ কিছু মিথ্যে FIR করা হয়েছে। এগুলি রাজনৈতিক প্রতিহিংসার জন্য করা। এমন পরিস্থিতিতে হাইকোর্টের কাছে তিনি নিজের জীবন ও সম্পদের সুরক্ষা চেয়েছেন।
নিজের পিটিশনে জাহাঙ্গির দাবি করেন, তিনি ফলতা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন। তিনি প্রচারের একবারে শেষ পর্যায়ে রয়েছেন। আর এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মিথ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করতে দিতে চেয়েই এই 'কাজকর্ম' বলে দাবি। এমন পরিস্থিতিতে তাঁকে গ্রেফতার করা হতে পারেও বলেও আশঙ্কা প্রকাশ করছেন জাহাঙ্গির। তাই তিনি হাই কোর্টে গিয়ে আগাম সুরক্ষা চাইলেন।
এই মামলায় তৃণমূল প্রার্থীর হয়ে লড়াই করছেন সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে জাহাঙ্গিরের উদ্বেগের কথা তুলে ধরেন। দ্রুত এই মামলার শুনানি চান। আর এই পিটিশন আজই দুপুর ২টোর সময় শোনা হবে বলে জানা যাচ্ছে।
মাথায় রাখতে হবে, ফলতায় প্রথম দফায় নির্বাচন বাতিল করা হয়েছে। ইভিএম-এ কারচুপির অভিযোগে সেই নির্বাচন বাতিল করে দেয় কমিশন। রি-পোল বা পুনঃর্নিবার্চন হবে বলে ঘোষণা করা হয়।
কমিশন জানায়, ২১ মে হবে এই নির্বাচন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন চলবে। এই বিধানসভার মোট ২৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। সেই মতো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে কমিশন। কোথাও যাতে কোনও অশান্তি না হয়, সেটা দেখছে তারা। আর ভোটগ্রহণ হওয়ার পর এই কেন্দ্রের ফলাফল সামনে আসবে ২৪ মে, ২০২৬।
বিতর্ক অনেক দিনের
রাজ্য রাজনীতির বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষের বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ জাহাঙ্গির। 'ডায়মন্ড হারবার মডেল' তৈরি করতে তিনি অভিষেককে সাহায্য করেছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে রয়েছে মারধর থেকে শুরু করে ভোটারকে ভয় দেখানো সহ একাধিক গুরুতর অভিযোগ। এমনকী ছাব্বিশের ভোটের আগেও জাহাঙ্গির এই কাজটা করেছেন বলে দাবি করছে বিরোধীরা। তাই সেখানে রিপোল করা হচ্ছে। আর সেই পুনঃনির্বাচনের আগেই নিজের সুরক্ষা চাইলেন তিনি।