
তৃণাঙ্কুর ভট্টাচার্য ও গুনগুন ভৌমিক দেবাংশুর পর এ বার তাঁর রাজনৈতিক সহকর্মী তৃণাঙ্কুর ভট্টাচার্য বিয়ের পিঁড়িতে। ২৫ নভেম্বর, বুধবার শুভ পরিণয়। রাজনৈতিক পরিবারের মেয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি।
কানাঘুষো আগেই ছিল, অবশেষে পড়ল অফিসিয়াল সিলমোহর। তৃণমূলের এই ছাত্র নেতার পাত্রী NCPI সাংসদ পার্থ ভৌমিকের মেয়ে অবন্তিকা। প্রেমের গুঞ্জন ছিল বরাবরই। যদিও প্রকাশ্যে তৃণাঙ্কুর কিংবা অবন্তিকা কেউই এই নিয়ে মুখ খোলেননি।
জানা গিয়েছে, কলেজে পড়ার সময় থেকেই অবন্তিকার সঙ্গে প্রেম তৃণাঙ্কুরের। তৃণমূল যুব নেতার বাবা চাইছিলেন চারহাত এক হোক। সেই মতো দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয়। বাবার ইচ্ছেকে সম্মান দিয়েই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বুধবার ছাদনাতলায় যাচ্ছেন তৃণাঙ্কুর। প্রায় ৩০০ বছরের পারিবারিক ঐতিহ্য মেনে এই বিয়ে হচ্ছে ভট্টাচার্য পরিবারে। ইতিমধ্যেই আত্মীয়স্বজনরা ভিড় জমাতে শুরু করেছেন। বাড়ি সাজানোর কাজ চলছে জোর কদমে। তবে এই অনুষ্ঠানটিকে রাজনীতির আকচাআকচি থেকে শতহস্ত দূরে রাখতে চাইছে ভট্টাচার্য এবং ভৌমিক পরিবার।

সোশ্যাল মিডিয়ায় তৃণাঙ্কুর ও অবন্তিকার বিয়ের একটি আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পাত্রের পরিবারের তরফে প্রীতিভোজ অর্থাৎ বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ২৮ নভেম্বর, শনিবার।যদিও সেই কার্ডের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in. সূত্রের খবর, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়দের সাক্ষী রেখেই এই শুভ পরিণয় হতে চলেছে। তবে প্রীতিভোজের অনুষ্ঠানে দেখা যেতে পারে রাজনৈতিক মহলের পরিচিত একাধিক মুখকে। ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুর দিকে কলকাতাতেও একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তৃণাঙ্কুর নিজেই। শ্বশুর ও জামাইয়ের রাজনৈতিক পরিচিতি কম নয়, ফলে সেই আসরে তাবড় নেতা-মন্ত্রীদের দেখা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আসবেন? আমন্ত্রণ থাকবে শুভেন্দু অধিকারীরও? তা অবশ্য এখনও জানাননি তৃণাঙ্কুর।
রাজনৈতিক পরিবারের মেয়ে হলেও অবন্তিকা ওরফে গুনগুন রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত নন। তিনি আঁকা, গান ও আবৃত্তি নিয়েই ব্যস্ত থাকেন।