
জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির প্রথম দিনেই খানিকটা চমক দিল আবহাওয়া। কলকাতা ও আশপাশের এলাকায় এক ধাক্কায় নেমে গেল তাপমাত্রা। স্বাভাবিকের নীচে চলে গিয়েছে পারদ। তবে এই ঠান্ডা কি ফের জাঁকিয়ে বসার ইঙ্গিত? নাকি বিদায়ের আগে শেষবারের মতো উঁকি দিচ্ছে শীত?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তেমন কোনও বড় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা কমলেও কনকনে ঠান্ডা ফেরার ইঙ্গিত পাচ্ছেন না আবহবিদেরা।
গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে পৌঁছেছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার তা কিছুটা কমে দাঁড়ায় ১৬.২ ডিগ্রিতে। রবিবার আরও নেমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৪ ডিগ্রি কম।
ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও, দিনভর কলকাতার আকাশ থাকবে পরিষ্কার ও মেঘমুক্ত, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের মতো কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
উত্তরবঙ্গের ছবিটা খানিকটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেখানে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত।
তবে স্বস্তির খবর, উত্তর ও দক্ষিণবঙ্গ, কোথাওই আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী অন্তত সাত দিন রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেই পূর্বাভাস।