
শীতের পরশ বর্তমানে হালকা হালকা টের পাচ্ছে শহরবাসী। বিশেষ করে ভোরের দিকে হিমেল অনুভূতি টের পাওয়া যাচ্ছে শহরেও। গ্রামের দিকে রাত ও ভোরে ঠান্ডা বুক কাঁপাচ্ছে। এমতাবস্থায় চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ কলকাতার আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও এই একই আবহাওয়া বজায় থাকবে।
কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা?
সোমবার
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার দু-এক জায়গায়। এছাড়াও, ওই দিন উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার
আগামী পরশু দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায়। এদিনও কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।