Bengal Rain Forecastরাজ্যে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীতের আমেজ। ভোরবেলায় এখনও মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বসন্তের রোদ বেশ চড়া হয়ে উঠছে। এর মধ্যেই নতুন করে আবহাওয়ার বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই সতর্কতাও জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় হলুদ সতর্কতা থাকবে। ওই সব এলাকায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। সেদিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় সমানভাবে বৃষ্টি নাও হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গেও রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহ ধরেই মাঝেমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।
তবে এই ঝড়বৃষ্টির মধ্যেও আগামী সাত দিনে রাজ্যের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রাতের তাপমাত্রা থাকবে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিকেলের পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।