West Bengal Weather Forecastগরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। এর মাঝেই বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। আগামিকাল, শুক্রবার হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া।
রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
সোমবারও রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ।
কলকাতায় ও সংলগ্ন জেলাগুলিতে রবিবার ও সোমবার বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ থাকতে পারে।
আরও পড়ুন- হার্ট, কিডনির মতো শরীরে ৫ সমস্যায় ডাবের জল একদম নয়, মৃত্যুর ঝুঁকি
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সেই মতো বুধবার থেকে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে চলবে শিলাবৃষ্টিও। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। দুই দিনাজপুর ও মালদায় শুক্রবার থেকে শুরু হবে বৃষ্টি। চলবে রবিবার পর্যন্ত। ফলে প্রবল গরম থেকে খানিকটা স্বস্তি মিলবে।