যুবসাথী প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের।-ফাইল ছবি৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে এই বাজেট কার্যত জনমুখী ও কল্যাণমুখী বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নারী সমাজের পাশাপাশি এবার রাজ্যের যুবকদের দিকেও বিশেষ নজর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প তো রয়েছেই। এ বছর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে নতুন প্রকল্প ‘যুব সাথী’ চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
কবে থেকে চালু হবে ‘যুবসাথী’ প্রকল্প?
বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, আগামী ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস থেকেই চালু হতে চলেছে এই নতুন প্রকল্প। মূলত রাজ্যে বেকার যুবকদের পাশে দাঁড়ানো এবং কর্মসংস্থানে উৎসাহ জোগাতেই এই উদ্যোগ।
কারা পাবেন যুবসাথী ভাতা?
এই প্রকল্পের সুবিধা পাবেন, যাঁরা মাধ্যমিক পাশ। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বর্তমানে কোনও স্থায়ী চাকরিতে নিযুক্ত নন। এই যোগ্যতা পূরণ করলে সংশ্লিষ্ট যুবকেরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন রাজ্য সরকারের তরফে।
বাজেটে আরও কী কী ঘোষণা?
এবারের অন্তর্বর্তী বাজেটে শুধু যুবকরাই নন, অন্যান্য ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।
আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি। লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ বিভাগের মহিলারা পাবেন ১৫০০ টাকা। আর এসসি ও এসটি মহিলারা পাবেন ১৭০০ টাকা করে ভাতা
সব মিলিয়ে, ভোটের মুখে রাজ্য বাজেটে নারী ও যুব, দু’টি বড় সামাজিক গোষ্ঠীকেই একসঙ্গে গুরুত্ব দিল নবান্ন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে যুব ভোটব্যাঙ্ককে শক্ত করতেই এই কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।